Published : 16 Jun 2026, 06:17 PM
পুরো বিশ্ব এখন বুঁদ ফুটবল উন্মাদনায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও এ আবহের বাইরে নন।
তবে পুরো বাংলাদেশ যেখানে মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা-এই দুই শিবিরে বিভক্ত, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য ইংগিত দিলেন।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের সুযোগে প্রধানমন্ত্রীকে ফুটবল নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক।
তিনি বলেন, “ফুটবল বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন।”
সরাসরি জবাব না দিয়ে তারেক রহমান বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন।”
পরে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “আপনি আপনার উত্তর পেয়েছেন তো?”
২০০৮ সালে কারামুক্ত হওয়ার পর চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে চলে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।
এরপর আওয়ামী লীগের শাসনামলে গণ্ডায় গণ্ডায় মামলা আর নানা রাজনৈতিক দুর্বিপাকে তার দেশে ফেরা হয়নি।
দীর্ঘ ১৭ বছর সেখানে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। ওই মাসের শেষেই তিনি মাকে হারিয়ে দলের হাল ধরেন। তার নেতৃত্বেই ফেব্রুয়ারির নির্বাচনে জিতে ২০ বছর পর ক্ষমতায় ফেরে বিএনপি।
তারেক রহমানের মা খালেদা জিয়া ফুটবলে ছিলেন ব্রাজিলের ভক্ত। বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য এর আগে বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী-কন্যাও ব্রাজিলের ফুটবল নৈপুণ্য ‘পছন্দ করেন’ বলে তিনি জানেন।
তবে খোদ প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করার পর তিনি অন্যরকম ইংগিত দিলেন। আগামী ১৮ জুন রাত ২টায় ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
এদিকে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান ফুটবলের কারণে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন। সোমবার বিকেএসপিতে গিয়ে শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলায় মেতেছিলেন তিনি। সেখানে বাঁ পায়ের কিকে তার গোল করার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জাইমা রহমান যুক্তরাজ্যে থাকার সময় ইংলিশ ক্লাব চেলসির নারী দলের গোলরক্ষক হওয়ারও সুযোগ পেয়েছিলেন।