১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় বন্ধুকে দিঘিতে চুবিয়ে হত্যার অভিযোগ ২ কিশোরের বিরুদ্ধে

নিহত কিশোরের স্বজনরা অপর দুই কিশোরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 12:26 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

গাইবান্ধা সদর উপজেলায় দিঘিতে একসঙ্গে গোসল করতে গিয়ে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে।

মঙ্গলবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

এদিকে নিহত কিশোরের স্বজনরা বুধবার সকালে দুই কিশোরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠেছে।  

নিহত ১৫ বছর বয়সি রাহাত ওরফে গাটু উত্তর হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার বন্ধু ১৫ ও ১৬ বছর বয়সি দুই কিশোর ঘটনার পর থেকে পলাতক। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিন কিশোর হাওয়াই দিঘিতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই কিশোর রাহাতকে চেপে ধরে পানিতে ডোবাতে থাকে। এতে করে রাহাত গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। 

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, পলাতক দুই কিশোরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করে নাই।