ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভানেত্রী পদে শেখ হাসিনাকে পুনর্র্নিবাচিত করেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল দলের শীর্ষ দুই পদে তাদের নির্বাচিত করে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে।
কাউন্সিল অধিবেশন শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, "কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কাউন্সিল দলীয় সভানেত্রীকে এই দায়িত্ব দিয়েছে। তিনিই কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।"
কাউন্সিল নবনির্বাচিত সভানেত্রেী ও সাধারণ সম্পাদককে দলের কার্যনির্বাহী সংসদের ৪৫টি পদে নেতা নির্বাচনের দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের সভানেত্রী কার্যনির্বাহী সংসদের ৭৩ জন সদস্যের মধ্যে ২৬ জনকে নির্বাচন করতে পারেন।
কাউন্সিলররা সভানেত্রী ও সাধারণ সম্পাদককে দলের প্রেসিডিয়ামের ১৩ জন নেতা নির্বাচন এবং ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জন সাংগঠনিক সম্পাদক ও একজন কোষাধ্যক্ষসহ ৩১ জন সম্পাদক নির্বাচনের ক্ষমতা দেওয়ার একটি প্রস্তাবও অনুমোদন করেছেন।
এ ছাড়া কাউন্সিল দলের সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে কোনো ধরনের পরিবর্তন আনার ক্ষমতা দিয়েছে সভানেত্রী শেখ হাসিনাকে।
দলের কাউন্সিলে এই সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুমোদিত হয়েছে।
সদ্য বিলুপ্ত কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল কাউন্সিল অধিবেশন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভানেত্রী পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তা সমর্থন করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
"সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুলের নাম প্রস্তাব করেন শেখ ফজলুল করিম সেলিম এবং তা সমর্থন করেন মতিয়া চৌধুরী।"
অসীম জানান, শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ এ দুটি পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দলের সভানেত্রীকে দেওয়া হয়েছে বলে অসীম জানান।
রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার আওয়ামী লীগের দিনব্যাপী কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা এ নিয়ে ষষ্ঠবার আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক পদে এই প্রথম এলেন সৈয়দ আশরাফ। তিনি গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে জরুরি অবস্থা জারির পর দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মুখপাত্রের দায়িত্ব পালন করেন তিনি।
সৈয়দ আশরাফ আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশের সাবেক উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে।
কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য দলের সংশোধিত গঠনতন্ত্র, ঘোষণাপত্র এবং বাজেট অনুমোদন করা হয় বলে জানান অসীম কুমার উকিল।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় দলীয় পতাকা উত্তোলন করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
উদ্বোধনী বক্তৃতায় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আজ আমরা সরকারে আছি, আমাদের অনেক সহনশীল হতে হবে, প্রতিহিংসা নয়।"
কাউন্সিলে আওয়ামী লীগের ইতিহাস-ঐহিত্য তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "শুরু থেকেই আওয়ামী লীগের নেতারা মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে থেকেছে। আগামীতেও যে যেখানে আছেন সেখান থেকে মানুষের সেবা করে যাবেন।"
বঙ্গবন্ধু কন্যা বলেন,"আমি ভোগের জন্য রাজনীতি করতে আসিনি। যতোদিন বেঁচে থাকবো, বাংলার মানুষের জন্য সংগ্রাম করে যাব। আমার বাবা-মা,ভাই মানুষের জন্য জীবন দিয়েছেন, প্রয়োজনে আমিও মানুষের জন্য জীবন দেবো।
বুলেট প্র"ফ কাঁচে ঘেরা মঞ্চ থেকে বক্তব্য দেন শেখ হাসিনা।
তিনি গত দুই বছরে তাকে এবং তার দলকে নানাভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন।
হাসিনা বলেন, "কোন অত্যাচার-নির্যাতন আওয়ামী লীগকে দমাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এবারও দুঃসময়ে অনেকে বিভ্রান্ত হয়েছে, লোভে পড়েছে। সবার চরিত্রের দৃঢ়তা সমান থাকে না। সৎসাহস থাকে না। সবাই মাথা উঁচু করে চলতে পারে না।"
কাউন্সিলের মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী,শামসুল হক, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর ছবি টানানো ছিল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় কাউন্সিল অধিবেশন। প্রথমে আওয়ামী লীগের সাত সাংগঠনিক বিভাগের নেতারা প্রত্যেক বিভাগের পক্ষে বক্তব্য রাখেন। ঢাকা বিভাগের পক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মতিউর রহমান, চট্টগ্রাম বিভাগের পক্ষে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, রাজশাহীর বিভাগ থেকে মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন, সিলেট বিভাগ থেকে মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, বরিশাল বিভাগের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ, খুলনা বিভাগ থেকে শেখ হারুন অর রশীদ এবং রংপুর থেকে আবুল মনসুর আহমেদ বক্তব্য রাখেন।
কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় মঞ্চে ছিলেন তিনদিন আগে পদত্যাগ করা সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
আসাদুজ্জামান নূরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চোধুরী।
বিভাগীয় নেতাদের বক্তব্য শেষে জু'মার নামাজের বিরতি শেষে শুরু হয় মূল কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনেই সভানেত্রী ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এছাড়া দলের সংশোধিত গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও বাজেট অনুমোদন করা হয়।
অধিবেশনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এমএ মান্নান, রহমত আলী ও আমজাদ হোসেন।
সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেট ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বিরোধীদল বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দলও কাউন্সিলে যোগ দেয়। তারা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার একটি শুভেচ্ছাবার্তা আওয়ামী লীগের নেতাদের কাছে হস্তান্তর করেন।
কাউন্সিলকে ঘিরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এইচএ/১৭৪০ ঘ.
bdnews24