ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমৃত্যু জাতীয় পার্টির চেয়ারম্যান থাকার ইচ্ছার কথা জানিয়ে এতে দলীয় নেতা-কর্মীদের সমর্থন চেয়েছেন এইচ এম এরশাদ।
শুক্রবার দলের বিশেষ কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ ইচ্ছার কথা জানান।
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির দিনব্যাপী কাউন্সিল শুক্রবার সকাল পৌনে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এরশাদ দলের সপ্তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দেন।
সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, "ওয়ান-ইলেভেনের সময় প্রথমে মাইনাস-২ ও পরে মাইনাস-৩ ফর্মুলা প্রয়োগের চেষ্টা প্রতিহত করতে কৌশলগত কারণে আমি সরে দাঁড়িয়ে জাতীয় পার্টিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলাম।
"কিন্তু এখন দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রয়োজন নেই। আজ থেকে জাতীয় পার্টিতে আর কোনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে না।"
জরুরি অবস্থার সময় আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
কাউন্সিলরদের উদ্দেশে এরশাদ বলেন, "মৃত্যুর আগ পর্যন্ত যেন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারি, সে জন্য আপনাদের কাছে দোয়া চাই।"
আগামীতে এককভাবে সরকার গঠনের সামর্থ্য অর্জনের জন্য দলকে সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এরশাদ।
একইসঙ্গে ঢাকা মহানগরকে প্রয়োজনে দুই অথবা চার ভাগে বিভক্ত করে সংগঠন শক্তিশালী করার কথাও বলেন তিনি।
মহাজোটে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, "জাতীয় পার্টি মহাজোটে এসেছে বলে সরকার গঠন করেছে। মহাজোটের ৬০ ভাগ ভোটের মধ্যে জাতীয় পার্টির ভোট রয়েছে। এজন্য মহাজোটের সরকার গঠনে আমার দলের অনেক অনেক অবদান রয়েছে।"
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উদ্দেশে এরশাদ বলেন, "আজ আপনারা ক্ষমতায় বসেছেন জাতীয় পার্টির ভোটে। যারা আপনাদেরকে ভোট দিতে চায় না, জাতীয় পার্টি থাকায় তারাও মহাজোটকে ভোট দিয়েছে।"
শেখ হাসিনাকে সতর্ক করে জাপা চেয়ারম্যান বলেন, "অতীতের বিপুল বিজয় সরকার ধরে রাখতে পারেনি। তাই মহাজোট সরকারকে বিজয়ে গা ভাসিয়ে দিলে চলবে না। আমাদেরকে সফলতা অর্জন করতে হবে।"
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, "মহাজোটে যাওয়ার উদ্দেশ্য ছিল দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত সরকারকে হটানো। আমরা পাওয়া না পাওয়ার জন্য মহাজোটে যাইনি। আমাদের ধৈর্য ধরতে হবে। আগামীতে আমরা সব কিছু পাব।"
জাপা চেয়ারম্যান প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা, উপজেলা ব্যবস্থা শক্তিশালী ও নারী আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উদ্দেশে এরশাদ বলেন, "এ ব্যবস্থা চালু করে আপনি অমরত্ব লাভ করুন।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে অবস্থান ঘোষণা করে এরশাদ বলেন, "এটি রাজনীতিবিদদের জন্য কলঙ্ক। আমাদেরকে এ কলঙ্ক মুছে ফেলতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। মহাজোট নেত্রীকে বলব, এসব বিষয়ে আপনি চিন্তাভাবনা করুন। আপনার পিতার নাম যেমন ইতিহাসে আছে তেমনি আপনারও নাম থাকবে ইতিহাসে।"
টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনও কিছু করা উচিত নয় ভারতের।"
সকাল ১১টার দিকে এরশাদের গাড়িবহর মৎস ভবনের সামনে এসে পৌঁছলে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও মহানগর সভাপতি আবু হোসেন বাবলা তাকে স্বাগত জানান।
সিলেট থেকে আনা দুটি হাতি ও ভারতের পাঞ্জাব থেকে আনা ৪টি ঘোড়ার বহরসহ বাদ্যের সঙ্গে সঙ্গে এরশাদকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে এরশাদকে নিয়ে যাওয়া হয়।
কাউন্সিলের মূল মঞ্চে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, মাহববুর রহমান, টি আই ফজলে রাব্বী, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।
কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব ও পরে দলের মহাসচিব সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।
কাউন্সিল অধিবেশনে মিলনায়তন নেতা-কর্মীদের ভিড়ে পরিপূর্ণ ছিল। এছাড়া মিলনায়তনের বাইরেও প্যান্ডেল টাঙিয়ে এবং বড় স্ক্রিনে পুরো অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কাউন্সিল অধিবেশ শুরু হয়। এতে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা রয়েছে।
দলের মহাসচিব হাওলাদার জানান, সারাদেশ থেকে ১১ হাজার ৬৭২ জন কাউন্সিলর এবং ২৩ হাজার ডেলিগেট এবারের কাউন্সিলে অংশ নিচ্ছেন।
এ কাউন্সিলে দলের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানান তিনি।
হাওলাদার অবশ্য বলেছেন, চেয়ারম্যান, মহাসচিবসহ সব পদই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
সর্বশেষ ২০০৫ সালে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ছয়বার জাতীয় পার্টি কাউন্সিল করেছে।
রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে একরকম তড়িঘড়ি করে এই বিশেষ কাউন্সিল করছে জাতীয় পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24