ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির কাউন্সিল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে।
সকাল পৌনে ১১টায় কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি দিনব্যাপী এ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিশেষ কাউন্সিল দলের নেতা-কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ।"
তিনি জানান, সারা দেশ থেকে ১১ হাজার ৬৭২ জন কাউন্সিলর এবং ২৩ হাজার ডেলিগেট এবারের কাউন্সিলে অংশ নেবেন। সে রকম প্রস্তুতিই নেওয়া হয়েছে।
এ কাউন্সিলে দলের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানান মহাসচিব।
রুহুল আমিন হাওলাদার আরও জানান, চেয়ারম্যান, মহাসচিবসহ সব পদই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবে। একটি গণতান্ত্রিক দল হিসেবে জাতীয় পার্টি সেই ব্যবস্থা রেখেছে।
সর্বশেষ ২০০৫ সালে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ছয়বার জাতীয় পার্টি কাউন্সিল করেছে। এবারেরটি সপ্তম কাউন্সিল।
রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে একরকম তড়িঘড়ি করে এই বিশেষ কাউন্সিল করছে জাতীয় পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০০ ঘ.
bdnews24