২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে জামায়াত ইসলামী

গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে রাজনৈতিক দলগুলো স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ায় নিবন্ধন প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে রাজনৈতিক দলগুলো স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ায় নিবন্ধন প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর স্থায়ী গঠনতন্ত্র গ্রহণ করার পর তিনি এ কথা বলেন। শামসুল হুদা বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যারা এখনও কাউন্সিল শেষ করে গঠনতন্ত্র জমা দিতে পারেনি তাদের জন্য সময় বাড়ানোর সুপারিশ আমরা সরকারকে করেছি।" দুপুর সাড়ে ৩টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল তাদের গঠনতন্ত্র জমা দেয়। এর আগে গঠনতন্ত্র জমা দেয় বাংলাদেশ তরিকত ফেডারেশন। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের প্রধান আলী আহসান মুজাহিদ সাংবাদিকদের বলেন, নির্বাচনী আইনের সঙ্গে সঙ্গতি রেখেই তাদের দলের মজলিসে শুরায় গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়েছে। স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর উদ্যোগ নেওয়ায় ইসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "নিবন্ধনের সময় ইসি উদারতা দেখিয়েছে। এখনও আমরা চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কোনো দল যেন নিবন্ধনের বাইরে না থাকে।" সিইসি জানান, বেশ কিছু রাজনৈতিক দল ডাকযোগে তাদের গঠনতন্ত্র জমা দিয়েছে। ইতিমধ্যে গণফোরাম, জাতীয় সমাজতন্ত্র দল (জাসদ), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ ইসি কার্যালয়ে চিঠি দিয়ে জমা দেওয়া অস্থায়ী গঠনতন্ত্রকে স্থায়ী গঠনতন্ত্র হিসেবে বিবেচনা করার আবেদন জানিয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পাটি- এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ আরও কয়েকটি দল তাদের স্থায়ী গঠনতন্ত্র অনুমোদন করে রেখেছে বলে জানা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ২৪ জুলাই কাউন্সিলের পর ইসিতে স্থায়ী গঠনতন্ত্র জমা দেবে বলে কথা রয়েছে। মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ২০১০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ জানায় ইসি। বর্তমান আইন অনুযায়ী, আগামী ২৫ জুলাই রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। প্রধান বিরোধী দল বিএনপি ওই সময় ২০১০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে। আরও ১০টি দলও সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসি সময় বাড়ানোর সুপারিশ করে। নবম জাতীয় সংসদে নির্বাচনী আইনের শর্ত মেনে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী এনে অস্থায়ী গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এসকে/২০০২ঘ.