২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু

দলের কাউন্সিলকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের কাউন্সিলকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। দলের জাতীয় কাউন্সিল নিয়ে সভায় আলোচনা হবে বলে তিনি জানান। আগামী ২৪ জুলাই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে। গত ১৩ জুলাই দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম জানান, "বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার) অনুষ্ঠেয় কাউন্সিলে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের অনুমোদন দেওয়া হবে এবং ২৫ জুলাই চূড়ান্ত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।" কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। কাউন্সিলের তিন দিন আগেই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ২৫ জুলাইয়ের মধ্যে (নবম সংসদের প্রথম অধিবেশন বসার ছয় মাসের মধ্যে) রাজনৈতিক দলগুলোকে তাদের স্থায়ী গঠনতন্ত্র দলীয় কাউন্সিলে অনুমোদন করে নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা। সে লক্ষ্যেই আওয়ামী লীগ তড়িঘড়ি করে কাউন্সিল করতে যাচ্ছে। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশন গঠনতন্ত্র জমা দেওয়ার সময় আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এইচএ/১৮৪৩ ঘ.