২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি আইন সংশোধনের অনুরোধ করলে সরকার বিবেচনা করবে : আশরাফ

রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে আইন সংশোধনের অনুরোধএলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে আইন সংশোধনের অনুরোধএলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়াতে সরকারের কাছে আইন সংশোধনের অনুরোধ জানাবে বলে ইঙ্গিত দিয়েছে । এ পরিস্থিতিতে সরকারের অবস্থান জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন," এখনো আমরা এ বিষয়ে কিছু জানি না। তবে প্রস্তাব আসুক তাহলে সরকার বিবেচনা করবে। তবে সরকারতো আইন করে না, আইন করে সংসদ।" ২৪ জুলাই আওয়ামী লীগ জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছে। সম্মেলনে গঠনতন্ত্র চূড়ান্ত করে পরদিন অর্থাৎ ২৫ জুলাই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সম্মেলনের প্রস্তুতি সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলে জানান আওয়ামী লীগের মুখপাত্র। তিনি বলেন,"সম্মেলনের প্রস্তুতি কাছাকাছি পর্যায়ে এবং তা আমাদের সন্তুষ্টি অনুযায়ী এগিয়ে চলছে। আশা করছি সম্মেলন সফল ভাবেই অনুষ্ঠিত হবে।" এদিকে সাধারণ সম্পাদক পদে আর থাকতে চান না বলে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল গণমাধ্যমে যেকথা বলেছেন সে পরিস্থিতিতে ওই পদে পরিবর্তন আসছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে আশরাফ সরাসরি উত্তর দেননি। তিনি বলেন,"সম্মেলনের মাধ্যমেই ঠিক হবে কে প্রার্থী হবেন আর কে হবেন না। তাছাড়া থাকা না থাকার বিষয়টি অনেকের একার ওপর নির্ভর করে না। এর আগে আমাদের সভানেত্রীও বলেছিলেন তিনি আর নেতৃত্বে থাকতে চান না, কিন্তু দেশ ও দলের স্বার্থে থেকেছেন।" 'স্বাধীন দল হিসেবে' গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে আওয়ামী লীগ সম্মেলন করছে মন্তব্য করে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, বিএনপিও যদি সম্মেলন করে, তবে আমরা স্বাগত জানাবো।" তিনি বলেন," অনেকে বলছেন আমরা নাকি কাদা ছোড়াছুড়ি করছি। কিন্তু এখানে কোন কাদা ছোড়াছুড়ি নেই।" ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। সৈয়দ আশরাফ জানান, শনিবার কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকতে পারেন। মিসরে ন্যাম সম্মেলন শেষে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০৫৭ঘ.