ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানিমূলক' হিসেবে চিহ্নিত করে আরও ৬৯টি মামলা প্রত্যাহার করছে সরকার।
মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির চতুর্থ বৈঠকে বুধবার ৬৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৫৬টি দণ্ডবিধির এবং ১৩টি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এক বৈঠকের পর 'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি'র চেয়ারম্যান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ নিয়ে কমিটি চার দফায় মোট ২৪৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল। এর অধিকাংশই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, সাংসদ আখতারুজ্জামান বাবু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের মামলাও প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
বিরোধী দলীয় নেতাদের মামলাও প্রত্যাহার করা হবে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধেও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়ে থাকতে পারে। তাদের আবেদনও আসবে। আবেদন পর্যালোচনা করে প্রত্যাহারযোগ্য বিবেচিত হলে আমরা তা করব।"
গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের কোনও নেতাকর্মীর মামলা প্রত্যাহার করা হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, জোট সরকারের কোনো নেতার বিরুদ্ধে ওই সময় মামলা হয়নি। তবে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়রানিমূলক মামলা হয়ে থাকতে পারে।
তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে কামরুল বলেন, "তিনি আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করেননি বলে আমি উত্তরসূরী হয়ে তার ব্যত্যয় করি কীভাবে। তবে তাদের মতো এত খারাপ আমরা হব না। আবেদন আসবে, তাদের মামলাও প্রত্যাহার হবে।"
গত ১২ জুলাই (সোমবার) মামলা প্রত্যাহারের আবেদন করার শেষ সময় ছিল।
আইন প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত সারাদেশ থেকে ২৫৮৪টি মামলা প্রত্যাহারের আবেদন এসেছে।
চতুর্থ বৈঠকে দণ্ডবিধির ১৮৬টি ও দুদকের ২৩টি মামলা পর্যালোচনা করা হয়।
এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১২টিসহ ৬২টি মামলা প্রত্যাহার করার বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি সুপারিশগুলোও পাঠানো হবে।
এর আগের বিএনপি সরকারের কায়দায় আওয়ামী লীগ সরকার বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়কার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে সুনির্দিষ্ট দুর্নীতি বা অপরাধে অভিযুক্তরা রাজনৈতিক বিবেচনায় রেহাই পান কিনা তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে সংশয় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/
bdnews24