২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম সম্মেলনে যোগ দিতে মিসর গেলেন প্রধানমন্ত্রী

জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর পঞ্চদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে মঙ্গলবার মিসর রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোহিত সাগরের তীরে পর্যটন নগরী শারম আল শেখ-এ সম্মেলন হচ্ছে। সম্মেলনের ফাঁকে ভারত ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 05:37 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর পঞ্চদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে মঙ্গলবার মিসর রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোহিত সাগরের তীরে পর্যটন নগরী শারম আল শেখ-এ সম্মেলন হচ্ছে। সম্মেলনের ফাঁকে ভারত ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট মিসর রওনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। ৫০ সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কয়েস, রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি দল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের ন্যাম সম্মেলনে ১৮৮টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। পর্যবেক্ষক হিসেবে ১৬টি দেশ ও ৯টি আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধিরাও থাকছেন সম্মেলনে। সদস্য দেশগুলোর মধ্যে সাত দেশের সরকার প্রধানরাও যোগ দিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সম্মেলন যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মেলনের ফাঁকে মনমোহন সিং ও মাধব কুমারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। বুধবার বিকালে বৈঠক দুটি হবে। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারত ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার এটাই হবে প্রথম বৈঠক। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আবুল কালাম জানান। শারম আল শেখের মেরিটিম কংগ্রেস সেন্টারে বুধবার সম্মেলনের মূল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যামের বর্তমান চেয়ারম্যান কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় 'শান্তি ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক ঐক্য'। গত ১১ জুলাই থেকে মিশরের পর্যটন নগরীতে ন্যাম সম্মেলনের কর্মকর্তা পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগেই মিসরে পৌঁছেছেন। ১৯৬১ সালে তৎকালীন যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে বৈঠকের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ন্যামের। যুগোস্লাভ প্রেসিডেন্ট যোসেফ ব্রোজ টিটো, ফিদেল কাস্ত্রো, চীনের চৌ এন লাই, মিসরের গামাল আবদেল নাসের, ভারতের জহরলাল নেহেরু ও ইন্দোনেশিয়ার সুকর্নোর উদ্যোগে ন্যাম গঠিত হয়।