২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-জাপা সংঘর্ষে চারজন আহত

অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১ নম্বর খেয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতাকর্মী এবং জাতীয় পার্টি সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১ নম্বর খেয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতাকর্মী এবং জাতীয় পার্টি সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- জাতীয় পার্টির (জাপা) পিয়াস মামুন (২১), শেখ নাদিম (২২), ডালিম (২৭) এবং ছাত্রলীগের পাভেল (২৩)। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ। তিনি জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ওসি জানান, ১ নম্বর খেয়াঘাট এলাকায় জাপা সমর্থিত পিয়াস মামুন তার লোকজন নিয়ে অটোরিকশা স্ট্যান্ড দখল করতে গেলে বন্দর অটো রিকশা শ্রমিক কমিটির সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের সমর্থকরা বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিনি জানান, পিয়াস বাদী হয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদসহ চারজনকে আসামি করে একটি মামলা করেছেন। তবে আসামিদের নাম জানাতে পারেননি তিনি। অপর দিকে মাসুদ গ্র"পের পাভেল বাদী হয়ে পিয়াস, জুম্মান, ফাহাদ ও নাদিমকে আসামি করে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪১ ঘ.