ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে যুদ্ধাপরাধের বিচার কাজ শুরুর আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে যেন কারও মনে কোনও সন্দেহ না থাকে সে জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে সংশোধনী আনা হয়েছে। আজই (বৃহস্পতিবার) তা সংসদে পাস হবে।"
তিনি বলেন, "তদন্ত সংস্থা ও প্রসিকিউশন নিয়োগসহ অন্যান্য কিছু প্রস্তুতি নিয়ে আশা করছি, আগামী এক মাসের মধ্যেই বিচার কাজ শুরু হবে।"
যুদ্ধাপরাধীদের বিচার পরিচালনায় একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, "স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলকে বিচারের আওতায় আনা হবে না।"
যুদ্ধাপরাধীদের বিচারে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা হবে বলেও জানান তিনি।
যুদ্ধাপরাধের বিচার করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র"তি। ক্ষমতায় আসার পরপরই এ জন্য উদ্যোগ নেওয়া হয়।
একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে ব্যক্তিগত এবং দলবদ্ধ অপরাধের বিচারের ধারা সংযুক্ত করে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনের জন্য বুধবার জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার এটি পাস হওয়ার কথা।
গত ৬ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24