২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর আমিনুল কারাগারে

দুটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী আমিনুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক তানজীনা ইসমাইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী আমিনুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক তানজীনা ইসমাইল। বিএনপি নেতা আমিনুল দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করেন। জঙ্গিদের মদদ দেওয়ার অপরাধে অপর একটি মামলায় তার ৩১ বছর ৬ মাস দণ্ডাদেশ রয়েছে। জরুরি অবস্থার মধ্যে এ দুটি মামলায় রায়ের সময় আমিনুল পলাতক ছিলেন। দুর্নীতির মামলায় দুপুর পৌনে ২টার দিকে তানজিলা ইসমাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমিনুল। বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে তাকে ডিভিশন (বিশেষ মর্যাদা) এবং চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অপরাধে ২০০৮ সালের ২০ মে আদালত সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হককে ১০ বছর কারাদণ্ড দেয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্দেহভাজন দুর্নীতিবাজের যে তালিকা প্রকাশ করা হয়, তার তৃতীয় তালিকায় আমিনুলের নাম ছিল। আমিনুল ৬৬ লাখ ৪৭ হাজার ২৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭ লাখ ৬৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন প্রমাণিত হয়েছে জানিয়ে আদালত ওই রায় দেয়। জঙ্গি মদদের মামলায় ২০০৭ সালের ২৬ জুলাই আমিনুল হকসহ ২৫ জনকে ৩১ বছর ৬ মাস করে কারাদণ্ড দেয় রাজশাহীর একটি আদালত। ২০০৪ সালের এপ্রিল মাসে ইসলামী জঙ্গীবাদী নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাতে নির্যাতিত ফজলুর রহমান ২০০৭ সালের ৩০ মার্চ মামলাটি করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর আমিনুল হকের বিরুদ্ধে নানা অভিযোগে মোট সাতটি মামলা হয়। এর মধ্যে জমি দখলের অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি খালাস পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৪১৫ ঘ.