২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্ত আমিনুল হকের আত্মসমর্পণ

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী আমিনুল হক মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। জঙ্গিদের মদদ দেওয়ার অপরাধে বিএনপির এই নেতাকে আদালত অপর একটি মামলায় ৩১ বছর ৬ মাস দণ্ডাদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী আমিনুল হক মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। জঙ্গিদের মদদ দেওয়ার অপরাধে বিএনপির এই নেতাকে আদালত অপর একটি মামলায় ৩১ বছর ৬ মাস দণ্ডাদেশ দেয়। জরুরি অবস্থার মধ্যে এ দুটি মামলায় রায়ের সময় আমিনুল পলাতক ছিলেন। দুর্নীতির মামলায় দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মহানগর বিশেষ জজ আদালত-৪ এ আত্মসমর্পণ করেন আমিনুল। বিচারক তানজিনা ইসমাইলের আদালতে তার আত্মসমর্পণের আবেদনের শুনানি চলছে। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অপরাধে ২০০৮ সালের ২০ মে আদালত আমিনুল হককে ১০ বছর কারাদণ্ড দেয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্দেহভাজন দুর্নীতিবাজের যে তালিকা প্রকাশ করা হয়, তার তৃতীয় তালিকায় আমিনুলের নাম ছিল। আমিনুল ৬৬ লাখ ৪৭ হাজার ২৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭ লাখ ৬৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন প্রমাণিত হয়েছে জানিয়ে আদালত ওই রায় দেয়। জঙ্গি মদদের মামলায় ২০০৭ সালের ২৬ জুলাই আমিনুল হকসহ ২৫ জনকে ৩১ বছর ৬ মাস করে কারাদণ্ড দেয় রাজশাহীর একটি আদালত। ২০০৪ সালের এপ্রিল মাসে ইসলামী জঙ্গীবাদী নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাতে নির্যাতিত ফজলুর রহমান ২০০৭ সালের ৩০ মার্চ মামলাটি করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর আমিনুল হকের বিরুদ্ধে নানা অভিযোগে মোট সাতটি মামলা হয়। এর মধ্যে জমি দখলের অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি খালাস পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৪০৭ ঘ.