ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।
ছাত্রলীগের একটি অংশ চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
তবে ছাত্রলীগ নেতারা বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার জেলা আওয়ামী লীগের নেই।
সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ লুৎফুর হাই সাচ্চু এবং সাধারণ-সম্পাদক হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জেলা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম আগামী ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করা হল।
এছাড়া ছাত্রলীগের নামে সভা, মিছিল, সমাবেশ ও বিবৃতি দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের নামে কেউ সন্ত্রাস ও চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমানুল হক সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের একটি অংশ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। এতে জেলায় সাধারণ মানুষের মধ্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
জেলা ছাত্রলীগের কমিটি স্থগিতের ক্ষমতা জেলা আওয়ামী লীগের রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে তাদের (জেলা অ.লীগ) এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।"
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রোমেল আল ফয়সাল বলেন, ছাত্রলীগের কর্মকাণ্ড স্থগিত করার এখতিয়ার জেলা আওয়ামী লীগের নেই। এ কারণে এ আদেশ ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০০৩৮ ঘ.
bdnews24