২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের সময়সীমা ছয় মাস বাড়ানোর আবেদন করবে আ.লীগ

দলীয় কাউন্সিলের সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার রাতে দলের সভাপতিমণ্ডলীর জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---দলীয় কাউন্সিলের সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার রাতে দলের সভাপতিমণ্ডলীর জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সময় চাওয়ার কারণ হিসেবে বন্যার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। সভা শেষে দলের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, " বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেজন্য এ মুহূর্তে দলের কাউন্সিল করা ঝুঁকি হতে পারে। এ কারণে সভাপতিমণ্ডলীর সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কাউন্সিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে আরও ছয়মাস সময় চাওয়া হবে। অচিরেই সময় চেয়ে আবেদন জানানো হবে।" তিনি বলেন," ইতোমধ্যে নির্বাচন কমিশনও বলেছে কোন রাজনৈতিক দল যদি কাউন্সিলের জন্য সময় বাড়ানোর আবেদন করে তবে সেটা বিবেচনা করবে।" গত ২৭ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের কাছে বলেছিলেন, স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য কাউন্সিল আহ্বানসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে রাজনৈতিক দলগুলো সময় বাড়ানোর আবেদন জানালে তা বিবেচনা করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলীয় কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে দলের স্থায়ী গঠনতন্ত্র আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। সৈয়দ আশরাফ জানান, সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, দলের যেসব জেলার কাউন্সিল হয়নি সেগুলোর কাউন্সিল করা হবে। এছাড়াও কাউন্সিল হয়েছে কিন্তু কমিটি হয়নি এমন কয়েকটি জেলারও কমিটি করা হবে। সভায় ২০০৯-১০ অর্থবছরের বাজেটের পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ করা হয় বলে জানান আওয়ামী লীগের মুখপাত্র। সভায় দলের 'গতি বাড়ানোর' বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে দলীয় সভানেত্রীকে বিষ খাওয়ানোর আলোচিত অভিযোগ এবং মন্ত্রিসভা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, "এ নিয়ে সভায় কোন কথা হয়নি। তাছাড়া মন্ত্রিসভা বাড়ানো বা কমানোর বিষয়টি একমাত্র প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে রয়েছে।" গত কয়েকদিনে আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও একসময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী অভিযোগ করেন কারাগারে থাকার সময় শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল। বিএনপির পক্ষ থেকেও সেদলের প্রধান বিষয়ে অনুরূপ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সভাটি সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয়ে রাত নয়টায় শেষ হয়। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দলীয় মুখপাত্র সৈয়দ আশরাফ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচসি/এসকে/২১২৬ঘ.