২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মামলায় মঞ্জুর দণ্ডাদেশ স্থগিত

তিনটি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর কারাদণ্ডের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। মঞ্জুর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর কারাদণ্ডের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। মঞ্জুর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ এ আদেশ দেয়। গত ৬ মে মঞ্জু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তখন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। তবে মামলায় জামিন পাওয়ার পর গত ৩ জুন তিনি কারাগার থেকে ছাড়া পান। অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গত বছরের ২৬ আগস্ট মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। শাহবাগ থানায় দায়ের করা ঘুষ নেওয়ার একটি মামলায় ২০০৮ সালের ১০ জুন তার ৭ বছর কারাদণ্ড হয়। ধানমণ্ডি থানায় দায়ের করা অপর একটি ঘুষের মামলায় ওই বছরের ১৮ মে তার সাত বছর সাজা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মঞ্জুর অনুপস্থিতিতেই এ সব মামলার রায় হয়। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের ভাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬৩২ ঘ.