২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ইউএনওকে কর্মস্থল ছাড়ার সাতদিনের আলটিমেটাম আ. লীগের

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে আগামী ৭ দিনের মধ্যে কর্মস্থল ত্যাগ করার সময়সীমা বেঁধে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

দিনাজপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে আগামী ৭ দিনের মধ্যে কর্মস্থল ত্যাগ করার সময়সীমা বেঁধে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতারা। ইউএনও'র বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং জনগণের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন আ. লীগ নেতারা। তবে ইউএনও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। এ অভিযোগে সোমবার দুপুরে ইউএনওকে তার কার্যালয়ে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। বীরগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি জাকারিয়া জাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান মারুফ বীরগঞ্জের ইউএনও ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসকের দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করছেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগ নেতা ও স্থানীয় জনগণের সঙ্গে প্রায় সময়ই দুর্ব্যবহার করেন। "সে কারণে আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত তার কার্যালয় অবরুদ্ধ করে ৭ দিনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে চলে যাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে," তিনি বলেন। একই সঙ্গে একাধিক পদে দায়িত্বে থাকার বিষয়টি প্রশাসনের সিদ্ধান্তের বিষয়। এখানে ইউএনও'র অপরাধ কোথায় জানতে চাইলে জাকারিয়া কোনো উত্তর দেননি। ইউএনও হাসান মারুফ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে বলেন, টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে স্থানীয় আ. লীগ নেতাদের অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় তারা ক্ষুব্ধ। অবৈধ সুযোগ সুবিধা আদায় করতে না পেরেই আমার বিরুদ্ধে এই অমূলক অভিযোগ উত্থাপন করেছেন তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঙ.