২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারে বিষ মেশানোর অভিযোগ তদন্তের দাবি বিএনপির

কারাগারে শেখ হাসিনার মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খাবারেও বিষ মেশানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিষয়টি তদন্ত ও অনুসন্ধানের দাবি জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 09:23 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে শেখ হাসিনার মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খাবারেও বিষ মেশানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিষয়টি তদন্ত ও অনুসন্ধানের দাবি জানিয়েছেন তিনি। জরুরি অবস্থার সময়ে কারাবন্দি শেখ হাসিনার খাবারে বিষ মেশানো হয়েছিল বলে আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী যে অভিযোগ করেছেন, সে বিষয়ে মোশাররফ বলেন, "দুই নেত্রীর ক্ষেত্রেই এ রকম সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। কারণ মাইনাস টু থিওরি অর্থাৎ দুই নেত্রীকে রাজনীতি থেকে বিদায় করতে তৎকালীন অনির্বাচিত সরকার একই রকম কর্মকাণ্ড চালিয়েছিল। কিন্তু জনগণের চাপে পারেনি।" রোববার সেগুনবাগিচায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, "সে সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চেষ্টা করা হয়েছিল। অপরদিকে শেখ হাসিনাকে বিদেশ থেকে আসতে বাধা দেওয়া হচ্ছিল। দুই নেত্রীর ব্যাপারেই মাইনাস টু থিওরি কাজ করেছিল।" কারাগারে থাকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল বলে শনিবার অভিযোগ করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পান খালেদা। সংসদ ভবন এলাকার দুইটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে হাসিনা ও খালেদাকে সেখানে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫২৫ ঘ.