২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের জন্য সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পরিবহন ব্যবস্থার করুণ হাল তুলে ধরে এ ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের পরিবহন ব্যবস্থার করুণ হাল তুলে ধরে এ ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। কারওয়ান বাজারে শুক্রবার তিন খুন এবং শনিবার সাভারে শ্রমিক নিহতের ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে মন্তব্য করেন তিনি। তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে গাজীপুর পুলিশ বিভাগকে দুটি পিক-অ্যাপ ভ্যান দেওয়া হয়েছে। শনিবার কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ভ্যান হস্তান্তর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, "পুলিশ বিভাগের টহল গাড়িগুলো রাস্তায় চলার মতো অবস্থায় নেই; 'লঙ্কর-ঝক্কর' অবস্থা। সন্ত্রাসী ধরতে গেলে রাস্তায় থেমে যায়। সেই গাড়ি আবার পুলিশকেই ঠেলতে হয়। সে অবস্থায় পুলিশ গাড়ি ঠিক করবে, না সন্ত্রাসী ধরবে?" তাই যে সব এলাকায় পোশাক কারখানা রয়েছে, সে সব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশের জন্য আরও পিক-আপ ভ্যান দেওয়ার জন্য বিজিএমইএ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কারওয়ান বাজার ও সাভারের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ বিভাগের নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা (সরকার) চেষ্টা করছি পরিস্থিতির আরও উন্নতি করার। এক্ষেত্রে ব্যবসায়ী-শিল্পপতিসহ সবার সহযোগিতা প্রয়োজন।" বিজিএমইএ সভাপতি সালাম মুর্শেদী বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। রপ্তানিমুখী পোশাক শিল্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ঝুট-সন্ত্রাস, ছিনতাই, ভাংচুর কমেছে। তবে ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা এখনও ঘটছে। টেলিফোনে চাঁদা কমলেও বন্ধ হয়নি।" এই 'নীরব চাঁদাবাজি' বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। বিজিএমইএ সভাপতি তৈরি পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ' গঠনের দাবিও জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আইন-শৃঙ্খলার উন্নতি হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। দেশের উন্নয়ন হবে, সরকারের সুনাম হবে। এ বিষয়গুলো বিবেচনায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু সরকারের সম্পদ খুবই সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে সরকারের একার পক্ষে দেশের মানুষের সেবা করা সম্ভব নয়। "আরও উন্নতির জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। শুধু এই দুটো পিক-আপ ভ্যান নয়; সরকারের সীমাবদ্ধতার কথা চিন্তা করে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী বিজিএমইএর বিভিন্ন দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬০০ ঘ.