ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি বাইরে রেখে সংসদকে একদলীয় করার প্রয়াস চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সরকারকে সতর্ক করে তিনি বলেছেন, এটি দেশের জন্য বিপজ্জনক হবে।
সংসদে বিরোধী দলের যাওয়ার 'পরিবেশ' তৈরি করতে সরকারি দলের প্রতি আবার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।
বিএনপি ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় এসেছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে, তার প্রতিবাদও জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ।
শুক্রবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসায় সংবাদ সম্মেলনে বিএনপির সংসদে না যাওয়ার বিষয়ে এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন জয়নুল আবদিন ফারুক।
সংসদের সামনের সারিতে আরও আসন দেওয়াসহ বিভিন্ন দাবির কথা জানিয়ে বিএনপি সংসদ অধিবেশনে যাচ্ছে না। চারদলীয় জোটসঙ্গী জামায়াতে ইসলামীও তাদের অনুসরণ করছে।
সংসদ 'সচল' করার দাবি জানিয়ে জয়নুল আবদিন বলেন, "দেশের পরিস্থিতি ভালো নয়। টিপাইমুখে বাঁধ দিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য ফারাক্কার মতো আরেক মরণফাঁদ নির্মাণে উদ্যত। এশিয়ান হাইওয়ের রুটকে ভারত টু ভারতে নিয়ে সুকৌশলে করিডোর আদায়ের চেষ্টা চলছে। জাতীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আজ নাজুক পরিস্থিতির মুখোমুখি। এ অবস্থায় সংসদকে এক দলীয় করার উদ্যোগ পরিস্থিতির আরও অবনতি ঘটাবে এবং রাষ্ট্রই দুর্বল হয়ে পড়বে।
"আমরা আশা করি, সময় থাকতে সরকারের বোধোদয় হবে। সংসদকে কার্যকর করতে অবিলম্বে উদ্যোগী ভূমিকা তারা নেবে।"
বিরোধী দলকে সংসদে প্রথম সারিতে সম্মানজনক আসন না দেওয়া, বিরোধী দলের নেতাকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে 'উচ্ছেদ চেষ্টা', সংসদে বিরোধী দলের বিরুদ্ধে বিষোদগার বন্ধ করার দাবি জানান জয়নুল আবদিন।
সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "প্রধানমন্ত্রী বিরোধী দলকে চক্রান্তকারী বলেছেন। ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় বসেছিল বলে প্রধানমন্ত্রী বলেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে বলতে চাই, মুচলেকা দিয়ে কারা একাধিকবার ক্ষমতায় এসেছে ও ক্ষমতাসীন হয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারা চুক্তি করেছে, দেশবাসীর কাছে তা অজানা নয়।"
গত ২৪ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শেখ হাসিনা বিএনপিকে ইঙ্গিত করে বলেন, "২০০১ সালে তারা ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। আর আমি বলেছিলাম গ্যাস কীভাবে বিক্রি হয় দেখব।"
টিপাইমুখে সংসদীয় প্রতিনিধি দলের যুক্ত হওয়ার পক্ষে আগের শর্তের কথা জানিয়ে জয়নুল বলেন, "টিপাইমুখে বাঁধ পরিদর্শনে সংসদীয় দলে নিরপেক্ষ ও জাতীয় বিশেষজ্ঞদের নেওয়া হলে বিএনপি তার প্রতিনিধির নাম দেবে, অন্যথায় নয়।"
প্রধানমন্ত্রী বিএনপিকে আলাদা বিশেষজ্ঞ দল পাঠানোর যে আহ্বান জানিয়েছেন, সে বিষয়ে বিরোধী দলের প্রধান হুইপ বলেন, "আমরা পাঁচজন নিরপেক্ষ বিশেষজ্ঞের নাম দিয়েছি। এখন প্রধানমন্ত্রী বলছেন আলাদা দল পাঠাতে। ভারত কি বিএনপিকে ওই প্রকল্প পরিদর্শনের অনুমতি দেবে?"
সেনাবাহিনীতে চাকরিচ্যুতি চলছে জানিয়ে জয়নুল বলেন, "পিলখানার ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনী ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর অপুরণীয় ক্ষতি হয়েছে। সেনা অফিসারদের চাকরিচ্যুতি অব্যাহত রেখে এই বাহিনীকে আরও হীনবল করা হচ্ছে।"
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে ছিলেন, সাংসদ আবদুল মমিন তালুকদার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফ উদ্দীন, নাজিম উদ্দিন আহমেদ, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নীলুফার চৌধুরী মনি, রাশিদা বেগম হীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24