কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার বলেছেন, তার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগের প্রমাণ সংবলিত নথিপত্র তাকে দেওয়া হলেই সংসদীয় তদন্ত কমিটির সামনে তিনি হাজির হবেন।
তিনি কমিটির প্রধান সাংসদ ফজলে রাব্বি মিয়াকে গত ২২ জুন এক চিঠিতে একথা জানিয়েছেন। ওই চিঠির একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে।
এদিকে তদন্ত কমিটি বলেছে, আগামী ২৭ জুন কমিটির বৈঠকে হাজির হলেই জমিরউদ্দিনকে ওই সব নথিপত্র দেওয়া হবে। (আরো তথ্যসহ-৪)
জমিরউদ্দিন তার চিঠিতে বলেন, "সাবেক স্পিকার ও বর্তমানে একজন সাংসদ হিসেবে আমি মনে করি আমাকে সংসদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে হবে।। কারণ, এটি একটি ইন্সটিটিউশন এবং রাষ্ট্রের স্বাধীন অঙ্গ।
"তাই সাবেক স্পিকার হিসেবে আমি সংসদের মর্যাদা, সম্মান ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সংসদীয় কমিটির সামনে হাজির হবো। তবে আত্মপক্ষ সমর্থনের জন্য কমিটির সামনে হাজির হতে হলে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রামাণ্য নথিপত্র ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ আমাকে দেখতে হবে, যা কমিটি বিবেচনায় নিয়েছে।
"অভিযোগের সব ধরনের প্রামাণ্য নথিপত্র ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ আমাকে সরবরাহ করার জন্য কমিটিকে অনুরোধ জানাচ্ছি। এসব নথিপত্র আমাকে না দেওয়া হলে এটা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে যে, কমিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দিতে চাচ্ছে না।"
এদিকে সংসদীয় তদন্ত কমিটির বুধবারের বৈঠকে জমিরউদ্দিনের এ চিঠি নিয়ে আলোচনা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ফজলে রাব্বি মিয়া।
বৈঠক শেষে কমিটির সদস্য সাংসদ শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তার (জমিরউদ্দিন) চিঠি নিয়ে আজকের বৈঠকে আলোচনা করেছি। তার এ চিঠিতে আমরা অসন্তুষ্ট, যাতে কিছু আপত্তিকর শব্দ রয়েছে। আগামী ২৭ জুন কমিটির বৈঠকে হাজির হলেই তিনি (জমিরউদ্দিন) ওই সব নথিপত্র পাবেন। এর অন্যথা হলে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি সংসদে পাঠাবো।"
সংসদীয় কমিটি আত্মপক্ষ সমর্থনের জন্য অষ্টম সংসদের সাবেক এই স্পিকারকে গত ২১ জুন চিঠি পাঠায়।
দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি আত্মপক্ষ সমর্থনের জন্য গত ২০ জুন সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সাবেক চিফ হইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে কমিটির ২৭ জুনের বৈঠকে হাজির হওয়ার জন্য তলব করে।
সাংসদদের জোরালো দাবির মুখে স্পিকার আব্দুল হামিদ গত ১৯ মার্চ জমিরউদ্দিন সরকার এবং অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করেন।
কমিটির চেয়ারম্যান করা হয় সাংসদ ফজলে রাব্বি মিয়াকে। অভিযোগ তদন্তের সুবিধার জন্য গঠন করা হয় তিনটি উপ-কমিটি।
এর মধ্যে একটি উপ-কমিটির তদন্তে দেখা যায়, জমিরউদ্দিন তার চিকিৎসার জন্য অবৈধভাবে ২৮ লাখ টাকা উত্তোলন করেছেন।
অন্য উপ-কমিটির অনুসন্ধানে দেখা যায়, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বিদেশে চিকিৎসার জন্য 'এমপি ক্লাব' এর তহবিল থেকে ১৮ লাখ টাকা নেন।
আখতার হামিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল তার গাড়ির জন্য নিয়েছেন।
এসব অভিযোগ সম্পর্কে জমিরউদ্দিন সরকার বুধবার তার হাইকোর্টের অফিসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিরুদ্ধে সব অভিযোগই অস্পষ্ট এবং সুনির্দিষ্ট নয়। তাই আমাকে প্রথমে এ সব অভিযোগের নথিপত্র দেখতে হবে, এব্যাপারে আমার বক্তব্য উপস্থাপনের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24