ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমেদ বুধবার দাবি করেছেন জিয়াউর রহমান একক কর্তৃত্বে স্বপ্রণোদিত হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ 'অযথা' এ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
বুধবার রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে এক প্রেস ব্রিফিংয়ে মওদুদ বলেন, ''জিয়াউর রহমান একক কর্তৃত্বে স্বপ্রণোদিত হয়ে নিজের উদ্যোগে একাত্তরের ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তার ওই ঘোষণা সবশ্রেণীর মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করেছিল। এটা ঐতিহাসিকভাবে সত্য।..এরপর ৩০ মার্চ তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অনুরোধে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন।"
বঙ্গবন্ধু স্বাধীনতার 'আনুষ্ঠানিক ঘোষণা' দেননি বলেও মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী।
মওদুদ বলেন, "দেশের মানুষ জানে জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ওই সময়ে অন্য কারো ঘোষণা তারা শোনেননি। ঐতিহাসিকভাবে সত্য বিষয় নিয়ে বির্তক সৃষ্টি করা ঠিক নয়। আওয়ামী লীগ অযথা এ বিতর্ক সৃষ্টি করেছে।''
গত ২৩ জুন আইনমন্ত্রী শফিক আহমেদের দেওয়া বক্তব্য খণ্ডন করে ব্যারিস্টার মওদুদ বলেন, ''আইনমন্ত্রী আমার বইটি না পড়ে অসত্য কথা বলেছেন। আমার লেখা 'শেখ মুজিবুর রহমানের শাসনকাল' বইতে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে আমি কোনও কিছু লিখিনি। অথচ উনি (আইনমন্ত্রী) বলেছেন, আমি ওই বইতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলেছি। এটা সঠিক তথ্য নয়।''
আইনমন্ত্রী শফিক তার বক্তব্যে বলেন, "বিএনপির সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ তার লেখা 'শেখ মুজিবের শাসনকাল' বইতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। আর এখন তিনি (মওদুদ) যে বক্তব্য দিচ্ছেন তা উদ্দেশ্যমূলক। এটাকে গ্রহণ করা যায় না।"
স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায়ে মওদুদের ওই বইয়ের কথাও উল্লেখ করা হয় বলে জানান শফিক আহমেদ।
ব্রিফিংয়ে মওদুদ আরও জানান, 'শেখ মুজিবুর রহমানের শাসনকাল' শীর্ষক বইতে বঙ্গবন্ধুকে তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "বাংলাদেশের জন্মের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের অনন্যসাধারণ অবদান রয়েছে।.. আমাদের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় পরিচয় নির্ধারণে তার চেয়ে বেশি অবদান রেখেছেন, এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। তাই বঙ্গবন্ধুর স্থান কেউ নিতে পারবে না। একইভাবে জিয়ার স্বাধীনতার ঘোষণাকেও কেউ কেড়ে নিতে পারবে না।''
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জুন হাইকোর্ট জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়।
এছাড়াও রায়ে আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরে চারদলীয় জোট সরকারের আমলে মুদ্রিত "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র"-এর তৃতীয় খণ্ড বাতিল ও বাজেয়াপ্ত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১৮২১ঘ.
bdnews24