ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জনগণ ক্ষুব্ধ হয়ে পড়ছে বলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এ সাংসদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাকে জ্বালানি প্রতিমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাবান বলে মনে হচ্ছে।
সোমবার সংসদে ২০০৯-১০ অর্থ বছরের বাজেট আলোচনার সময় মেনন বলেন, "বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের ছয় মাস পার হয়ে গেছে। আমরা জনগণকে বিদ্যুৎ সরবরাহ করতে পারিনি।
মেনন বলেন, "দিনে গড়ে কমপক্ষে পাঁচবার বিদ্যুৎ চলে যাচ্ছে। ক্ষুব্ধ হয়ে উঠছে জনগণ।"
প্রধানমন্ত্রী নিজেই জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং এ মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী আছেন বলে তিনি জানান।
মেনন বলেন, "আমি জানি না প্রতিমন্ত্রী (শামসুল হক) টুকুর কোনও ক্ষমতা আছে কি না। মনে হচ্ছে জ্বালানি উপদেষ্টাই সব ক্ষমতা খাটাচ্ছেন।"
টিপাইমুখ বাঁধ পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দলে প্রধান বিরোধী দল বিএনপির প্রতিনিধি অন্তর্ভূক্ত করা উচিত বলেও তিনি মত দেন।
মেনন বলেন, "টিপাইমুখ বাঁধ পরিদর্শন সংক্রান্ত সংসদীয় দলকে সর্বদলীয় একটি দলে রূপান্তরের জন্য এতে বিএনপির প্রতিনিধি নেওয়া উচিত বলে আমি মনে করি।"
ক্ষমতায় থাকার সময় টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কোন কথা না বলার জন্য তিনি বিএনপির সমালোচনাও করেন।
মেনন বলেন, সরকার গড়াই নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে। কিন্তু টিপাইমুখ (বাঁধ) বন্ধ করে দিতে পারে পানি প্রবাহ।
"টিপাইমুখ দেশে বিপর্যয় ঘটাবে। কিন্তু আমরা 'মিউ মিউ' করছি," বলেন তিনি।
মেনন কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়ারও তীব্র সমালোচনা করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন সাংসদও এর সমালোচনা করেন।
বাজেটে তিন বছর ধরে এবং ১০ শতাংশ হারে কর দিয়ে কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সাংসদ মতিউর রহমান বলেন, "আমার প্রস্তাব, টাকা সাদা করতে কালো টাকার মালিকদের কমপক্ষে ৩০ শতাংশ হারে কর দেওয়া উচিত।"
ক্ষমতাসীন দলের আরেক সাংসদ কামাল আহমেদ মজুমদারও একই ধরনের মন্তব্য করেন।
আওয়ামী লীগের আরেক সাংসদ মেহের আফরোজ চুমকি বলেন, "টাকা সাদা করার সুযোগ এক বছরের জন্য দেওয়া উচিত বলে আমি মনে করি।"
গত ১১ জুন ২০০৯-১০ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/টিআর/২৩৪২ ঘ.
bdnews24