ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দফায় নয় দিন জিজ্ঞাসাবাদের পর বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত।
বিডিআর বিদ্রোহ মামলায় গত ২ জুন পিন্টুকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের অনুমতি নিয়ে তিন দফা তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সর্বশেষ গত মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে পিন্টুকে আদালতে হাজির করেন বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ।
তিনি আর জিজ্ঞাসাবাদের জন্য সময় না চাওয়ায় পিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মুমিনুল হাসান।
আদালতে পিন্টুর আইনজীবীরা জামিনের আবেদন জানালেও তা নাকচ করেন হাকিম।
পিন্টুর বিরুদ্ধে অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বিভিন্ন বিডিআর সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করেছেন তিনি। এছাড়া বিদ্রোহীদের পক্ষে মিছিল সংগঠিত করায়ও তার ভূমিকা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯১০ ঘ.
bdnews24