২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বিরোধী দল না থাকলেও গণতন্ত্র আছে: অর্থমন্ত্রী

সংসদে প্রধান বিরোধী দল নেই, তবে এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার দাবি, সরকারি দলের সাংসদরাই বাজেট নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা-প্রস্তাব দিচ্ছেন। তবে বিরোধী দল সংসদে আসুক, তা চান অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে প্রধান বিরোধী দল নেই, তবে এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার দাবি, সরকারি দলের সাংসদরাই বাজেট নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা-প্রস্তাব দিচ্ছেন। তবে বিরোধী দল সংসদে আসুক, তা চান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "প্রস্তাবিত বাজেটের শুল্ক কাঠামো, কালো টাকা সংক্রান্ত প্রস্তাবসহ বিভিন্ন বিষয়ে সরকারি দলের সাংসদরা তাদের মতামত দিচ্ছেন। এতে এটাই প্রমাণিত হয়, সংসদের বাজেট অধিবেশনে প্রধান বিরোধী দল না থাকলেও গণতন্ত্র আছে। এরপরও আমি চাই, প্রধান বিরোধী দল সংসদে এসে প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাদের মূল্যবান মতামত দিক।" বিএনপিকে বাজেট অধিবেশনে ফেরাতে অর্থমন্ত্রী হিসেবে কোনও উদ্যোগ নেবেন কিনা- জানতে চাওয়া হলে মুহিত বলেন, "আমার মনে হয় তারা (বিএনপি) বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে না তিনটি কারণে। এগুলো হলো- আসন সমস্যা, বিরোধী দলীয় নেত্রীর বাড়ি সংক্রান্ত সমস্যা এবং বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তাজনিত সমস্যা। "বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তা সংক্রান্ত সমস্যার বিষয়ে আমরা (সরকার) নতুন করে কিছু করিনি। তাদের সময়ই যে আইন করে রাখা হয়েছিল সেটাই বলবৎ রয়েছে। আর বাজেটের সঙ্গে বাড়ির সমস্যার সম্পর্ক না খোঁজাই উচিত। এটি তাদের (বিরোধী দল) একটি 'প্রেস্টিজ ইস্যু' বটে। কিন্তু এটি লোভী প্রবৃত্তির পরিচায়কও বটে।" আসন সমস্যা নিয়ে অর্থমন্ত্রী বলেন, "সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার যেটি করে গিয়েছিলেন, তা কোনোভাবেই ঠিক নয়। এখন যেটা করা হয়েছে সেটা ভালো। আর আসন সমস্যার সমাধানের বিষয়ে বর্তমান স্পিকার তার উদ্যোগ অব্যাহত রেখেছেন।" বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার বিএনপিকে সামনের সারিতে আটটি আসন বরাদ্দ দেন। কিন্তু বর্তমান স্পিকার আব্দুল হামিদ সামনের সারির চারটি আসন বরাদ্দ দেন তাদের। 'বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের' একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে। তারা প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব বিষয়ে মুহিত সাংবাদিকদের বলেন, "কালো টাকা সাদা করার ব্যাপারে সরকার দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকেই অনেক আপত্তি এসেছে। তবে এখনই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। আগামী ২৯ জুন পর্যন্ত আলোচনা হবে। এরপর ৩০ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" ২০০৯-১০ সালের প্রস্তাবিত বাজেটে টানা তিন বছর কালো টাকা সাদা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৩২১ ঘ.