নওগাঁ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব কটি মামলায় জামিন পাওয়ার পর বুধবারই কারাগার থেকে ছাড়া পেয়েছেন সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী।
জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর বিকেল পৌনে পাঁচটায় তিনি ছাড়া পান।
কারা ফটকে আখতার হামিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিএনপি নেতা-কর্মীরা। মুক্তি পাওয়ার পর তিনি সরাসরি ঢাকায় রওনা হন।
রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার দুপুরেই জামিন পান আখতার হামিদ।
চারটি মামলার সব কটিতেই জামিন হওয়ায় তার মুক্তিতে আইনগত আর কোনও বাধা নেই বলে আইনজীবীরা দুপুরে জানিয়েছিলেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার নওগাঁর জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান বিএনপি নেতা আখতার হামিদের জামিনের আদেশ দেন।
প্রতারণার অভিযোগে দায়ের দুটি মামলা ও অপহরণের অভিযোগে দায়ের করা একটি মামলায় একই আদালতে আগেই আখতার হামিদের জামিনের আদেশ হয়।
তার আইনজীবী খায়রুল আলম হেলাল ও এ জেড এম রফিকুল আলম সাংবাদিকদের বলেন, আখতার হামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দেওয়া আটকাদেশও হাইকোর্ট ইতোমধ্যে অবৈধ ঘোষণা করেছে।
চলতি বছরের ২১ মার্চ নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে আখতার হামিদকে গ্রেপ্তার করা হয়।
মহাদেবপুর থানার ওসিকে হুমকি প্রদান ও রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই দিনই তার বিরুদ্ধে মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১৬ ঘ.
bdnews24