রাষ্ট্রদ্রোহ মামলায় বাহাউদ্দিন নাছিম খালাস
রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাছিমকে খালাস দিয়েছে আদালত। ২০০২ সালে দায়ের করা এই মামলায় মঙ্গলবার রায় হয়। রায়ে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইসমাইল হোসেন বেকসুর খালাস দেন নাছিমকে। (আরও তথ্যসহ)
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাছিমকে খালাস দিয়েছে আদালত।
২০০২ সালে দায়ের করা এই মামলায় মঙ্গলবার রায় হয়। রায়ে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইসমাইল হোসেন বেকসুর খালাস দেন নাছিমকে।
মামলার বিবরণ থেকে জানা যায়, বাহাউদ্দিন নাছিম ২০০২ সালের ১১ মার্চ পাসপোর্ট, মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকেট, 'ক্রাইম এগেইন্সট হিউম্যানিটি', 'চাদরটা সরিয়ে দাও' শিরোনামের বই ছাড়াও সিডি ও লিফলেটসহ 'রাষ্ট্রবিরোধী' কিছু কাগজপত্র নিয়ে দেশের বাইরে যাওয়ার সময় জিয়া বিমানবন্দরে গ্রেপ্তার হন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. দুলাল উদ্দিন আকন্দ বাদি হয়ে নাছিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন।
পুলিশের একই বিভাগের অপর সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান আদালতে নাছিমের বিরুদ্ধে তদন্ত শেষে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষের ১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রায়ে বলা হয়, "রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো।'
রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাছিম সাংবাদিকদের বলেন, "আমি আমার বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ মামলাই রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করিনি। এই মামলার মতো সব মামলাতেই আমি খালাস পাব।"
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহমুদা আক্তার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুসহ আওয়ামী আইনজীবী পরিষদের বেশ কয়েকজন আইনজীবী।
এ মাসের শেষ সপ্তাহে ঢাকার অপর একটি আদালতে নাছিমের বিরুদ্ধে করা চাঁদাবাজির একটি মামলায় রায় দেওয়ার দিন ধার্য আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএম/আরএ/এমআই/১৩২৪ ঘ.
