বগুড়া, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির প্রথম সভা পণ্ড করে দিয়েছে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
শহরে জেলা বিএনপি কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৭টায় এ সভা হওয়ার কথা ছিল।
রাত পৌনে ৯টা পর্যন্ত সভাস্থলে আসেন নতুন কমিটির আহ্বায়ক মাহবুবর রহমান, যুগ্ম আহ্বায়ক জানে আলম খোকা, আলী আজগর হেনা, শফিউজ্জামান খোকন, সৈয়দ আহসানুল কবির জাকির ও লাভলী রহমান। কমিটির আর কেউ আসেননি।
সভার কথা শুনে জেলা যুবদল, ছাত্রদল ও বিএনপি'র বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সেখানে এসে নতুন কমিটির নেতাদের ধাওয়া করে।
এ সময় যুগ্ম আহ্বায়ক শফিউজ্জামান খোকন ধাওয়া খেয়ে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধরা তার গাড়ি মনে করে যুগ্ম আহ্বায়ক জানে আলম খোকার গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়লে লোকজন ছোটাছুটি শুরু করে।
এর কিছুক্ষণ পর নতুন কমিটির আহ্বায়ক ও কয়েকজন যুগ্ম আহ্বায়ক বিক্ষুব্ধদের ডেকে নিয়ে শান্ত্বনা দেন। বিষয়টি হাই কমান্ডকে জানানা হবে বলেও তারা তাদের জানান।
নতুন কমিটির আহ্বায়ক মাহমুবুর রহমান বলেন, "আমরা নিজের মধ্যে বসে এর সমাধান করব।"
সভা পণ্ড হওয়ার ব্যাপারটি তিনি অ্যভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন।
জেলা যুবদল সভাপতি খায়রুল বাসার জানান, এই কমিটিতে অনেক যোগ্য লোক স্থান পাওয়ার কথা। তা না পেয়ে যারা বিএনপির দুঃসময়ে রাজপথে না থেকে শুধুই লবিং করেছে তাদের অনেককেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24