২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ও বিএনপির সাবেক সাংসদসহ ৭ জন মুক্ত

বিভিন্ন মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আওয়ামী লীগ ও বিএনপির চার সাবেক সাংসদসহ ৭ জন রোববার জামিনে মুক্তি পেয়েছেন। সাংসদ চারজন হচ্ছেন- আওয়ামী লীগের হাজী মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন আহমেদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং বিএনপির শাহজাহান ওমর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আওয়ামী লীগ ও বিএনপির চার সাবেক সাংসদসহ ৭ জন রোববার জামিনে মুক্তি পেয়েছেন। সাংসদ চারজন হচ্ছেন- আওয়ামী লীগের হাজী মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন আহমেদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং বিএনপির শাহজাহান ওমর। অপর ৩জন হলেন- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবু, আ. লীগের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান এবং সাবেক বন কর্মকর্তা হানিফ পাটোয়ারী। এদের মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও হাজী সেলিম বারডেমে চিকিৎসাধীন থাকা অবস্থায় মুক্তি পেয়েছেন। এ ছাড়া সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবু ও সাবেক বন কর্মকর্তা হানিফ পাটোয়ারী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চ আদালত থেকে জামিন আদেশ পাওয়ার পর এই সাতজনকে মুক্তি দেওয়া হয়েছে।" গত ৪ জুন বৃহষ্পতিবার হাইকোর্টের পৃথক দু'টি বেঞ্চ বিভিন্ন মামলায় তাদের জামিন দেয়। বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মোহাম্মদ মারযি-উল-হকের বেঞ্চ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম, মো. মহিউদ্দিন, মাসুদুর রহমান, বিএনপির নাদিম মোস্তফা ও সফিউর রহমান বাবুকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় জামিন দেয়। ২০০৭ সালের ১৩ জুলাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় মায়ার ১৩ বছর কারাদণ্ড হয়। একই অভিযোগে দুদকের আরেক মামলায় বিশেষ আদালতে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। এ ছাড়া মুন্সীগঞ্জ আওয়ামী লীগের নেতা মো. মহিউদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় ২৩ বছর এবং দুদকের পৃথক মামলায় নিম্ন আদালতে মাসুদুর রহমান ও সফিউর রহমানেরও ১৩ বছরের জেল হয়। মায়া, হাজী সেলিম, মাসুদুর ও মহিউদ্দিনের পক্ষে জামিনের আবেদন পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও অ্যাডভোকেট আহসানুল করিম। এর আগে গত ৩ মে দণ্ডপ্রাপ্ত পলাতক ভিআইপিদের দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএল/ডিডি/০০৪১ ঘ.