ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি শনিবার রাতে এক জরুরি বৈঠকে বসেছে।
রাত নয়টায় দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বৈঠকের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৮ টায় এ বৈঠক শুরু হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।"
দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, টিপাইমুখে বাঁধ নির্মাণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদে আলোচনা করাটা জরুরি বলে তারা মনে করেন। সেজন্য সংসদে যোগ দেওয়ার বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে তারা আভাস দিয়েছেন।
নবম সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন থেকেই বিরোধী দলের প্রথম সারিতে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে বিএনপি সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে। ৪ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়।
গত ১৮ মে বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দল পুনর্গঠনে ৭৫টির মধ্যে ৭১টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙ্গে আহবায়ক ও যুগ্ম আহবায়কদের মনোনয়ন দিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এসকে/২১৪৭ঘ.
bdnews24