ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন বিরাজমান বিদ্যুৎ সমস্যার সমাধানে আগামী ২০১৪ সালের মধ্যে মোট ৩,৫২১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
দেশের সব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে একটি মহাপরিকল্পনাও প্রণয়ণ করা হবে বলে বুধবার সংসদে 'প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর' পর্বে জানান তিনি।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এক ঘোষণায় সব নদী খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে ইতিমধ্যেই উল্লেখ করেছিলেন শেখ হাসিনা।
লক্ষীপুর-১ আসনের নাজিম উদ্দিন আহমেদের লিখিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন,'' দেশের বিরাজমান বিদ্যুতের সমস্যা সমাধানে গ্যাস সঙ্কট বিবেচনায় রেখে ২০১৪ সালের মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকারি ও বেসরকারি খাতে স্বল্প , মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় সর্বমোট ৩,৫২১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।''
নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালের জুন স্বল্প মেয়াদী সরকারি ও বেসরকারি খাতে মোট ৭২৬ মেগাওয়াট, ২০১২ সালের জুন মাসের মধ্যে মধ্য মেয়াদী ৯ শ' মেগাওয়াট এবং ২০১৪ সালের জুন মাসের মধ্যে দীর্ঘ মেয়াদী সরকারি ও বেসরকারি খাতে মোট ১৮৯৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ওই পরিকল্পনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে অতিরিক্ত ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজিত হবে বলেও তিনি জানান।
বুধবার সংসদের দিনের কর্মসূচির প্রথম ত্রিশ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত এ সময়ে লিখিত ৯টি প্রশ্ন থেকে ২টি লিখিত প্রশ্ন ও ৬ টি সম্পূরক প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।
বুধবারও বিরোধী দল বিএনপি সংসদে আসেনি।
নদীর নাব্যতা ফিরিয়ে আনতে মহাপরিকল্পনা
নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, দেশের সব নদীর নাব্যতা বাড়াতে নদীগুলো ড্রেজিংয়ের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও করা হয়েছে।
প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেন,''আমরা দেশের নদ-নদীগুলো ড্রেজিং করব। এ ব্যাপারে বিশ্বব্যাংক ও দাতাগোষ্ঠীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। দেশের বড় নদী পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদী ড্রেজিং করার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে নদী তার নাব্যতা ফিরে পাবে। একই সঙ্গে জমির পরিমাণও বাড়বে। ''
সাংসদ রাশেদ খান মেননের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে বলেন, বর্তমান সরকার দাতাদের কাছ থেকে কোনো শর্ত ছাড়াই পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রবণতা রোধে বিভিন্ন প্রকল্পে অর্থ সংগ্রহ করছে।
তিনি বলেন, " আমরা কোনো শর্তে অর্থ নেবো না।"
একই সঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, দেশের হাওড়গুলোতে জলাধার নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।
আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মরুকরণের হাত থেকে উত্তরবঙ্গকে রক্ষা করতে সেখানে বেশি করে সবুজায়ন ও বনায়ন করতে সবার প্রতি আহবান জানান।
অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান
সাংসদ মজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান,''সরকার ২০০৯-১০ অর্থ বছরে ৪৮০টি উপজেলার দরিদ্র মানুষের জন্য 'অতি দরিদ্রদের কর্মসংস্থান'-এর নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচিতে রাজধানীর রিকশাচালক ও বস্তিবাসীরা যারা গ্রামে ফিরে যেতে চান তাদের অগ্রাধিকার দেওয়া হবে।''
প্রধানমন্ত্রী তার '৯৬ সালের শাসনামলে নেওয়া 'ঘরে ফেরা' কর্মসূচিটি আবার চালু করবেন বলে জানান।
স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, প্রতিটি উপজেলায় ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট নির্মাণ করা হবে। এছাড়া বেকার যুবকদের আত্মকর্মসংস্থান করতে তাদের ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।
খুলনা-৪ আসনের সাংসদ মোল্যা জালাল উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের 'দৃঢ় ও অতিদ্রুত' পদক্ষেপের জন্য বর্তমানে বাজারে দ্রব্যমূল্যে লাগামহীন উর্ধ্বগতি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১১৪ঘ.
bdnews24