ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে চায় বলে বুধবার জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
দুপুরে মতিঝিলে নিজের চেম্বারে সাংবাদিকদের তিনি বলেন, ''বিএনপি বাজেট অধিবেশনে যেতে আগ্রহী। বিরোধী দল হিসেবে আমরা সক্রিয়ভাবে বাজেটে অংশগ্রহণ করতে চাই। আমরা আশা করছি, সরকার একটু উদার হবেন। তারা প্রথম সারিতে আরেকটি আসনের বিষয়টি বিবেচনা করবেন।''
বৃহস্পতিবার সংসদে বাজেট পেশের দিন বিরোধী দল সংসদে যাবে কিনা জানতে চাইলে মওদুদ বলেন, ''আমরা বাজেট অধিবেশনে যেতে চাই। বাজেট পেশের আরও একটি দিন আছে। সংসদীয় দলের সভার পর বিষয়টি জানানো হবে। একটু অপেক্ষা করুন।''
তবে বিএনপির সংসদীয় দলের সভার দিনক্ষণ বুধবার দুপুর পর্যন্ত নির্ধারিত হয়নি বলে জানান তিনি।
গত ৪ জুন নবম সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হলেও মঙ্গলবার চতুর্থ কার্যদিবস পর্যন্ত সংসদে অনুপস্থিত ছিল বিএনপি।
এছাড়া বুধবার বিকেল ৪টায় শুরু হওয়া বাজেট অধিবেশনের পঞ্চম কার্যদিবসেও অনুপস্থিত রয়েছে প্রধান বিরোধী দল।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিকদের হয়রানির বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্য সমর্থন করে তাকে সাধুবাদ জানান। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার আমলের এসব কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বিচারও দাবি করেন তিনি।
মঙ্গলবার ট্রয়কা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, "সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিবিদদের হয়রানি করার জন্য যৌথবাহিনী দায়ী। যৌথবাহিনীর নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করেছিল। দুদক তখন স্বাধীনভাবে কাজ করতে পারেনি।"
মওদুদ বলেন, ''আজকের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা দুই জনকে ওই সময় কারাগারে যেতে হয়েছিল। অনেক রাজনীতিককে কেবল হয়রানি নয়, শারীরিকভাবেও নির্যাতন করেছে তারা। এসবের অবশ্যই বিচার হওয়া উচিৎ।''
তিনি বলেন, ''তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীর কিছু চিহ্নিত কর্মকর্তা তাদের নিজম্ব কার্যক্রমের মাধ্যমে আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে। তাদের অবশ্যই চিহ্নিত করে বিচার করতে হবে। সরকার এ ব্যাপারে আন্তরিক হলেই তা সম্ভব হবে। আমরা সরকারকে এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছি।''
এ সময় তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১৭৩৩ ঘ.
bdnews24