ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ইউরোপীয় ইউনিয়ন ট্রয়কা মিশনকে বিএনপি বলেছে, সরকারের পক্ষ থেকে বিরোধীদলের সংসদে যাওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখানো হচ্ছে না।
ট্রয়কা মিশন প্রধান চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্র উপমন্ত্রী হেলেনা ব্যামবাসোভার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে বিরোধীদলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে।
খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক ক ূটনীতিক শমসের মবিন চৌধুরী এ সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন,'' ট্রয়কা মিশনকে বিরোধী দলীয় নেতা বলেছেন, বিরোধী দল সংসদে যেতে চায়। সরকারকে সহযোগিতা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সেরকম আগ্রহ দেখানো হচ্ছে না। ''
ট্রয়কা মিশনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিশননেতা ব্যামবাসোভা বলেন, "সরকার ও বিরোধী দলকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংসদকে কার্যকর করতে হবে। বিরোধী দলের সংসদে যাওয়া উচিত। সরকারি দলেরও তাদেরকে সংসদে নিতে ভূমিকা নেওয়া প্রয়োজন।''
২৯ ডিসেম্বরের নির্বাচনকে তিনি সুষ্ঠু ,স্বচ্ছ ও নিরপেক্ষ বলে আখ্যায়িত করেন।
বিএনপি ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে তার ফল প্রত্যাখ্যান করে আসছে।
এ সাক্ষাতের সময়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। ট্রয়কার প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রম এবং দূতাবাসটির কাউন্সেলর (রাজনীতি ও বণিজ্য) কারিন ওহম্যানও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৪২ঘ.
bdnews24