ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক শীতল করতে পারে- পাকিস্তানের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার বিকেলে সচিবালয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বিচারের এই উদ্যোগকে বাংলাদেশের 'অভ্যন্তরীণ বিষয়' উল্লেখ করে বলেছেন, পাকিস্তানের এই ধরনের মন্তব্য 'আর্ন্তজাতিক আইনের শিষ্টাচার' লংঘন।
পাকিস্তানের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব মাসুদ খালিদ শনিবার ইসলামাবাদে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন।
দুই দেশের সম্পর্ক 'শীতল করে দেওয়ার মতো' কিছু করা হবে না বলেও আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পরপরই একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সরকার ইতোমধ্যে তদন্ত সংস্থা, আইনজীবী নিয়োগ ও ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগও নিয়েছে। এ বিষয়টি ছিল আওয়ামী লীগের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্র"তি।
শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "প্রতিটি রাষ্ট্রের অধিকার রয়েছে সেদেশের অভ্যন্তরের অপরাধীদের বিচার করার। পাকিস্তানের এ ধরনের মন্তব্য আর্ন্তজাতিক আইনের শিষ্টাচার লংঘন। আমরা পৃথিবীর প্রতিটি দেশের প্রতি আহ্বান জানাবো, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যেন হস্তক্ষেপ না করা হয়।"
তিনি আরও বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হলেও বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা নেই। এটা সম্পূর্ণই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।"
আইনমন্ত্রী বলেন, "একাত্তর সালে এদেশের নাগরিক যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে সরকার শুধু তাদেরই বিচার করবে। এ নিয়ে পাকিস্তানের বলার কিছু নেই। এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে পারে না।"
পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তৎকালীন সংখ্যাগরিষ্ঠ বাঙালি অধ্যুষিত পূর্ব পাকিস্তান ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করলে বাংলাদেশের অভ্যুদয় হয়। পশ্চিম পাকিস্তানের দখলদার সৈন্যবাহিনীকে এ ভূখণ্ডের কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি রাজাকার, আল বদর ইত্যাদি বিভিন্ন বাহিনীর মাধ্যমে সংঘটিত হয়ে গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য অপকর্মে সহায়তা করেছিল। স্বাধীনতা লাভের প্রায় চার দশক পর তাদের বিচারের উদ্যোগ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১৯৩৮ঘ.
bdnews24