ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের সামনের সারিতে বিরোধী দলের আসন সংখ্যা আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
শনিবার দুপুরে রাজধানীতে এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
আবদুল হামিদ বলেন, ''বিরোধী দলকে প্রথম সারিতে পাঁচটি আসন দেওয়া হয়েছে। এ সংখ্যা বাড়ানো সম্ভব নয়। আর বাড়ানো যাবে না।''
নগরীর একটি হোটেলে স্পিকার কার্যালয়, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট(এনডিআই) ও বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপ(বিডিএডব্লিউএল)-এর যৌথ আয়োজনে নারী সাংসদদের তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন স্পিকার। এতে সরকার ও বিরোধী দলের নারী সাংসদরা অংশ নেন।
সংসদের প্রথম সারিতে বিরোধী দলের নেতা খালেদা জিয়াসহ বিএনপির আসন সংখ্যা বর্তমানে ৪টি। দ্বিতীয় অধিবেশনে আরও একটি আসন বাড়িয়ে পাঁচ-এ উন্নীত করা হয়েছে। কিন্তু বিরোধী দল প্রথম সারিতে 'সন্মানজনক' আসন বরাদ্দের দাবিতে সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে।
স্পিকার বলেন, ''সংসদকে কার্যকর করতে বিরোধী দল সংসদের বাজেট অধিবেশনে অংশ নেবে- এটা আমি আশা করি। সরকার ও বিরোধী দলকে মিলেই সংসদ কার্যকর করতে হবে।''
বিরোধী দলের প্রথম সারিতে আসন বাড়ানো সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,'' প্রথম সারিতে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ মুহূর্তে তা আর বাড়ানো সম্ভব নয়।''
এর আগে উদ্বোধনী বক্তব্যে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান আবদুল হামিদ। তিনি বলেন, নবম সংসদে ১৮ শতাংশের বেশি নারী সদস্য রয়েছেন। সরকার ও বিরোধী দল এক সঙ্গে কাজ করলে সংসদ কার্যকর থাকবে।
চলতি অধিবেশনেই সংসদীয় স্থায়ী কমিটিতে নারী সদস্যদের নাম যুক্ত করতে সরকারি দলের প্রধান হুইপ আবদুস শহীদকে নির্দেশ দেন স্পিকার।
এ সময় তিনি সাংসদদের নিজেদের নামে বরাদ্দ গাড়ি ও অফিস ব্যবহারে সর্তক থাকতে বলেন।
কর্মশালায় প্রধান হুইপ আবদুস শহীদ, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সংসদের সাবেক সদস্য ড. লেসলে ক্লার্ক, বাংলাদেশে ইউএসএআইডি'র মিশন পরিচালক ডেনিস এ রোলিন্স ও এনডিআই'র উর্ধ্বতন আবাসিক পরিচালক মার্ক ওয়ালেন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24