২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক আসনের কথা বলে 'মুলা ঝুলিয়ে' রাখা হয়েছে: দেলোয়ার

সংসদে বিরোধী দলকে একটি আসন দেওয়ার সমাধানের কথা বলে 'মুলা ঝুলিয়ে' রাখা হয়েছে বলে সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলকে একটি আসন দেওয়ার সমাধানের কথা বলে 'মুলা ঝুলিয়ে' রাখা হয়েছে বলে সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেলোয়ার বলেন,''এত দিন বলা হয়েছে বিরোধী দলকে সম্মানজনক আসন দেওয়া হবে। এখন একটি আসন দেওয়া যেতে পারে বলে সরকারি দল থেকে বলা হচ্ছে। আসন পুনর্বন্টন সমস্যার এই কথিত সমাধানের নামে মুলা ঝুলিয়ে রাখা রাখা হয়েছে।" বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নিপীড়ন-নির্যাতন ও জনগণের সমস্যার কথা সংসদে যাতে না ওঠে সেজন্যই সরকারি দল চায় না বিরোধী দল সংসদে যাক। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক মামলা প্রত্যাহার প্রসঙ্গে সাবেক প্রধান হুইপ দেলোয়ার বলেন,''উনাদের দলের বিবি সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক মামলার নিষ্পত্তি করা হচ্ছে, অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে একই মামলা ঝুলিয়ে রাখা হয়েছে। ওই সব মামলার নথিপত্র নড়ছে না। বিরোধী দলকে মামলা ঝুলিয়ে রেখে শায়েস্তা করার এ কাজ মেনে নেওয়া হবে না।'' ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান পরিস্কার করতেও বলেন দেলোয়ার। সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, ছাত্রদলের সহ-সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, মুক্তিযোদ্ধা দলের সৈয়দ হারুন অর রশীদ, এম এ মজিদ, হাজী মিজানুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২৮ঘ.