ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থ প্রতিমন্ত্রী মুন্সী ফকরুল ইসলাম এবং তার দুই ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করে শব্দ ও বায়ু দূষণের অপরাধে অভিযোগ গঠন করেছে আদালত।
সোমবার বিকেলে ঢাকার পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫ (১) ধারায় এই অভিযোগ গঠন করেন। এসময় কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। বিচারক আগামী ৩০ জুন এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
অভিযোগে বলা হয়, মুন্সী ফকরুল ইসলাম পুরানো ঢাকার আয়ুবের্দীয় ফার্মেসী (ঢাকা) লি: (এপি) এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। তার দুই ছেলে রাজিবুল ইসলাম মুন্সী এবং রফিকুল ইসলাম মুন্সী ঐ প্রতিষ্ঠানের পরিচালক, সৈয়দ আহমেদ প্রশাসনিক কর্মকর্তা এবং নেপালীয়ান ভট্টাচার্য ঐ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ম্যানেজার। ঐ প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে আয়ুবের্দীয় ঔষধ, প্লাস্টিকের কনটেইনার প্রস্তুত করে আসছে। তাদের কারখানা থেকে শব্দ ও বায়ুদুষণ হচ্ছে।
২০০৭ সালের ১২ জুন আরমানিটোলার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম মিলন এ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, ঐ প্রতিষ্ঠানের কারখানা থেকে শব্দদূষণ ও মাটিকম্পনে পার্শ্ববর্তী মিটফোর্ড হাসপাতালের রোগীদের অসুবিধা ছাড়াও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও বিভিন্ন স্কুলের ছাত্রদের পড়াশোনার ব্যাঘাত ঘটাচ্ছে। এ কারখানার বিষাক্ত গ্যাস ও বর্জ্যরে কারণে আরমেনিয়ান গীর্জায় পর্যটকদের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে।
বিচারক অভিযোগ গঠনের শুনানির সময় অভিযুক্তদের অব্যাহতির আবেদন নাকচ করেন। ২০০৮ সালের ১৬ অক্টোবর একই আদালত থেকে অভিযুক্তরা জামিন পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর ফিরোজুর রহমান মন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৩৫ঘ.
bdnews24