ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার কেন্দ্রীয় কমিটির সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাংগঠনিক পরিকল্পনার মধ্যে আছে, সোমবার ১ জুন থেকে পক্ষকালব্যাপী উপজেলা পর্যায়ে সাংগঠনিক প্রচার অভিযান, ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান এবং ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রচারপক্ষ পালন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সভায় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, নারী সমাজ, সংস্কৃতিকর্মী, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, কৃষিবিদ, আদিবাসীসহ বিভিন্ন পেশাজীবী অংশের মানুষের মধ্যে দলের কার্যক্রম প্রসারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দলের সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে সভায় অংশ নেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য সহিদুল্লাহ চৌধুরী, মো. শাহ আলম, শাহাদাৎ হোসেন, শেখ মনিরুজ্জামান, সৈয়দ আবু জাফর আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২০০ ঘ.
bdnews24