ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সরকারি তদন্ত প্রতিবেদন 'হুবহু' প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন বুধবার রাতে তার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ দাবি তোলেন।
খালেদা জিয়া বলেন,'' হাত-পা বেঁধে যে তদন্ত কমিটি সরকার গঠন করেছিল, তার প্রতিবেদনও জনগণকে জানাতে ভয় পাচ্ছে। প্রতিবেদনের যেসব অংশ তাদের মনমতো হয়েছে, তারা সেটুকুই প্রকাশ করেছে যা অগ্রহণযোগ্য।''
তিনি মন্তব্য করেন, "কাউকে বাঁচাবার চেষ্টা করে লাভ হবে না।"
গোয়েন্দা সংস্থাসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সারা দুনিয়ার কাছে হেয় করা হচ্ছে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "এগুলো কোনো দেশপ্রেমিক সরকারের কাজ নয়"।
খালেদা জিয়া আরো বলেন, সরকার সংসদে দেশ-জাতির পক্ষে ভূমিকা না রাখতে পারলে আগামীতে সংসদে যাবে কিনা বিবেচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি।
তিনি বলেন,'' যদি দেশ-জাতির পক্ষে ভূমিকাই না রাখতে দেয়া হয় তাহলে সংসদে গিয়ে লাভ কী? তাই আগামীতে আমরা অধিবেশনে যাব কিনা সে ব্যাপারে সংসদীয় দলের সভা ও স্থায়ী কমিটিতে বসে সিদ্ধান্ত নেব।''
গুলশানের কার্যালয়ে 'ধানের শীষ' বুলেটিনের এ উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
টিপাই মুখে ভারতের বাঁধ নির্মাণ ও এশিয়ান হাইওয়ের রুটের বিষয়ে কথিত সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন,'' এশিয়ান হাইওয়ের বিরোধী আমরা নই। তবে এটি ভারতকে করিডোর দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে। আমরা ভারতে যে রুট দেওয়া হবে, তার বিরোধিতা করছি। কেননা এর সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থ জড়িত।''
মহাজোটের সরকার গঠনের পর চারমাসে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও আইন-শৃঙ্খলার অবনতিসহ নানা 'ব্যর্থতার চিত্র' তুলে ধরেন খালেদা জিয়া।
প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন,'' প্রধানমন্ত্রীর অফিস থেকে আওয়ামী লীগের বিভিন্ন শাখাকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে, তাদের দলের লোকদের কাকে কোথায় চাকুরি দিতে হবে। পাবলিক সার্ভিস কমিশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানে একেবারে দলীয় ক্যাডার বসিয়ে দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৫৫ঘ.
bdnews24