ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতে নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) জয়লাভ করায় বাংলাদেশ 'খুবই খুশি'।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, দীপু মনি লন্ডন থেকে মঙ্গলবার ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জীর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বিজয়কে পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানিয়েছেন বলে এতে বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতে নির্বাচনে ধর্ম নিরপেক্ষ শক্তির বিজয়ে বাংলাদেশের জনগণ খুশি হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন।
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত থাকার ব্যাপারে দীপু মনির আশা প্রকাশের কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আগামী দিনগুলোতে দু'দেশের মধ্যে সম্পর্ক গভীর ও জোরদার করে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হবে।
প্রণব দীপু মনিকে ভারত সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে দীপু মনি বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি ভারত সফরে যাবেন।
চার দিনের মায়ানমার সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী লন্ডন যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/২২৩৫ঘ.
bdnews24