ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান জোরপূর্বক দখলসহ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে বিএনপি।
সোমবার বিকেলে গুলশানে দলের চেয়াপারর্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে এসব অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।
তিনি বলেন,''প্রতিষ্ঠান দখল থেকে শুরু করে শহীদ জিয়ার ম্যুরাল ভেঙ্গে ফেলা হচ্ছে। সারা দেশে দলীয় নেতা-কর্মীদের কেবল নির্যাতনই নয়, হত্যা করা হচ্ছে তাদের। মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।
"এভাবে নিপীড়ন করে, শহীদ জিয়ার ম্যুরাল ভেঙ্গে জনগনের হৃদয় থেকে জিয়া ও বিএনপির নাম মুছে ফেলা যাবে না।''
নজরুল ইসলাম খান ক্ষমতাসীন দলকে নেতিবাচক ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহবান জানান।
গত কয়েকদিনে গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল ভেঙ্গে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এর আগে বরিশালের সাবেক সিটি মেয়র মজিবর রহমান সারওয়ার বলেন, "গত ১৬ মে ক্ষমতাসীন দলের কর্মীরা বরিশাল হার্ট ফাউন্ডেশন জোর করে দখল করে নেয়। তারা গঠনতন্ত্র বিরোধী প্রক্রিয়ায় নির্বাচন পন্ড করেছে । এভাবে ক্ষমতাসীনরা বেসরকারি প্রতিষ্ঠান দখল ও নিয়ন্ত্রণ করছে।''
দপ্তর সম্পাদক রিজভী আহমেদ অভিযোগ করেন, রাজবাড়ির পাংশায় সেলিম সর্দারকে কুপিয়ে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হলের ছাত্রদল কর্মী হাফিজুর রহমানকে গুরুতর আহতসহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসিক হল থেকে ছাত্র দলের নেতা-কর্মীদের বের করে দেওয়া হচ্ছে।
সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন ও ছাত্র দলের সাবেক সভাপতি হাবিবউন নবী খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৬ ঘ.
bdnews24