২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মে পর্যন্ত সেনানিবাসের বাড়িটি খালেদার: আদালত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার সরকারি নোটিশ চ্যালঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতবি করেছে হাইকোর্টের পঞ্চম বেঞ্চ। আগামি ২৫ মে রিটটির ওপর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময় পর্যন্ত বাড়িটি খালেদার দখলে থাকবে। কোনো হস্তক্ষেপ করা যাবে না।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 08:57 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার সরকারি নোটিশ চ্যালঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতবি করেছে হাইকোর্টের পঞ্চম বেঞ্চ। আগামি ২৫ মে রিটটির ওপর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময় পর্যন্ত বাড়িটি খালেদার দখলে থাকবে। কোনো হস্তক্ষেপ করা যাবে না। সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বেঞ্চ এ আদেশ দেন। আদালত আদেশে বলেন, "রিটটির শুনানি ছয়দিন মুলতবি করা হল। আগামি ২৫ মে রিটটির ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময় পর্যন্ত সরকার খালেদার বাড়ির ওপর কোনো হস্তক্ষেপ বা দখলে কোনো কার্যক্রম না নিতে আদালতের কাছে বাধ্য থাকবে। কোনো কার্যক্রম বা হস্তক্ষেপ নেওয়া হলে সেক্ষেত্রে সংবিধানের ২৭, ৩১ ও ৪২ অনুচ্ছেদে বর্ণিত আবেদনকারীর মৌলিক অধিকার লঙ্ঘন হবে।" আদেশে আরও বলা হয়, "এই আদেশের কোন কিছুই আবেদনকারীকে ২৫ মের পর নতুন কোন ঘটনা, বর্ণনা ও দলিল আদালতের নথিতে আনতে ব্যাহত করবে না।" আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে জানতে চান এই আদেশের পরিপ্রেক্ষিতে বাড়িটির বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নিতে পারবে কিনা। আদালত বলেন, "আইন অনুযায়ী সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।" আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "এই আদেশের ফলে ২২ মের পর দ্বিতীয় নোটিশের পরিপ্রেক্ষিতে কোন আইনগত পদক্ষেপ নিতে সরকারের কোন বাধা নেই।" খালেদার প্রধান কৌসুলি টি এইচ খান বলেন, "২৫ মে পর্যন্ত আদালত রিটটির শুনানি মুলতবি করেছে। এই সময়ের মধ্যে কোন ধরনের অজুহাতে খালেদা জিয়াকে বাড়ি নিয়ে হয়রানি করা যাবে না।" এর আগে সকালে হাইকোর্টে শুরু হওয়া শুনানি দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়। সকালের শুনানিতে খালেদার পক্ষে বিচারপতি টি এইচ খান ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটি ছাড়া নিয়ে সরকার ২০ এপ্রিল প্রথম নোটিশ দেয়। এরপর গত ৭ মে একটি সম্পূরক নোটিশ দেয় সরকার। গত রোববার সম্পূরক নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে একই বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে একটি সম্পূরক আবেদন করেন তার কৌঁসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সম্পূরক আবেদনে গত ৭ মে দেওয়া সরকারের সম্পূরক নোটিশ স্থগিতের আবেদন করা হয়। এর আগে সকালে খালেদার পক্ষে আবেদনটি এফিডেভিট করার অনুমতি দেয় একই আদালত। সম্পূরক আবেদনে বলা হয়, খালেদা জিয়া গত ৩ মে রিট দায়ের করার পর সরকার পক্ষ থেকে বলা হয়েছিল তাকে ১০ মে পর্যন্ত হয়রানি করা হবে না। এই আশ্বাসে আদালত রিটের শুনানি ১০ মে পর্যন্ত মুলতবি করে। কিন্তু এর মধ্যে ৭ মে সম্পূরক নোটিশ দিয়ে আগের নোটিশ সংশোধন করে আদালতের সঙ্গে 'প্রতারণা' করা হয়েছে। আবেদনে খালেদাকে বাড়ি ছাড়তে দেওয়া প্রথম নোটিশ অবৈধ আখ্যায়িত করে বলা হয়, একই কারণে এটি সংশোধন করে সম্পূরক যে নোটিশ দেওয়া হয়েছে তাও অবৈধ। এই দ্বিতীয় নোটিশও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই দেওয়া হয়েছে। এই নোটিশ সংবিধান ও আইন পরিপন্থী। পর পর চারটি বেঞ্চ শুনানিতে বিব্রত হয়ে অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ খালেদার রিটটি শুনানির জন্য গ্রহণ করে। এর আগে ২০ এপ্রিল সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর আলোচিত বাড়িটি ১৫ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য খালেদা জিয়াকে নোটিশ দিয়েছিল। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন খালেদা। ওই দিন হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনানিতে বিব্রতবোধ করেন। ১০ ও ১১ মে আরো দু'টি বেঞ্চ শুনানিতে বিব্রতবোধ করার পর প্রধান বিচারপতি হাইকোর্টের রিটটি শুনানির জন্য এই পঞ্চম বেঞ্চে পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/আরএ/জিএনএ/এইচএ/১৯১০ ঘ.