ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বিজয়ী হওয়ায় দলটির নেত্রী সোনিয়া গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।
রোববার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন টেলিফোনে মনমোহন সিংকে অভিনন্দন জানান।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
মারুফ কামাল খান বলেন, খালেদা জিয়া মনমোহন সিংকে অভিনন্দন জানান। এসময় তারা পরস্পরের কুশল জিজ্ঞাসা করেন।
প্রেস সচিব বলেন, "বিরোধী দলীয় নেত্রী আশা প্রকাশ করেছেন ড. মনমোহন সিংয়ের গতিশীল ও বাস্তবমুখী নেতৃত্বে দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যা নিরসন হয়ে আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে।"
এছাড়াও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে দুটি আলাদা অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৫১ঘ.
bdnews24