২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল হক আমিনী কারাগারে

হামলা ও বোমাবাজির মামলায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি মো. ফজলুল হক আমিনীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে মহানগর হাকিম তোফায়েল হাসান আমিনীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলা ও বোমাবাজির মামলায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি মো. ফজলুল হক আমিনীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে মহানগর হাকিম তোফায়েল হাসান আমিনীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমিনীর সঙ্গে ঐক্যজোটের নেতা মাওলানা মো. কামাল উদ্দিন ও মাওলানা হাফেজ মো. বদরুল ইসলামকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আমিনীর আইনজীবী মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন। এর আগে মুফতি ফজলুল হক আমিনী দুপুর দুইটায় তার অপর দুই সহযোগী মাওলানা কামালউদ্দিন ও হাফেজ মো. বদরুলসহ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। পরে সাড়ে তিনটায় মহানগর হাকিম এসকে তোফায়েল হাসানের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযুক্তদের আইনজীবী সানাউল্লাহ মিয়া, ওমর ফারুক, ফারুকী, মোসলেহউদ্দিন জসিম আদালতে বলেন, তাদেরকে এ মামলায় জড়ানোর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ কবির হোসাইন ও কোর্ট পুলিশের জিআরও খন্দকার এখলাসুর রহমান জামিনের তীব্র বিরোধিতা করে বলেন, গত পহেলা মে সন্ধ্যায় মুফতি আমিনীর নির্দেশে মামলার অন্যান্য আসামি বাদি ও তার লোকজনের ওপর হামলা করে তাদের কয়েকজনকে গুরুতর জখম করে। গত ২ মে পুরান ঢাকার ইসলামবাগের বাসিন্দা শ্রমিক লীগ নেতা আকবর হোসেন আমিনীসহ ১০ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন- মুফতি মো. তৈয়ব, কামাল উদ্দিন সালেহ, মো. জুনায়েদ বিন গুলজার, মো. মিজানুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো.শামসুর রহমান ও মো. ফয়জুল্লাহ আবুল ফারাহ। এদের মধ্যে মুফতি মো. তৈয়ব ও মো. জুনায়েদ বিন গুলজার জামিনে রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, মে দিবস উপলক্ষে ১ মে সন্ধ্যা সাতটার দিকে পল্টন ময়দানে শ্রমিক লীগের সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফিরছিলেন। মিছিলটি ইসলামবাগের বড় কাটরা এলাকায় পৌঁছালে আমিনী ও অপর আসামিদের নির্দেশে শতাধিক লোক অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এসময় বোমা ও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আহত হন শ্রমিক লীগের কয়েকজন নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএসবি/এএনএস/এইচএ/২২০০ঘ.