২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুদকের মামলা প্রত্যাহারের ক্ষমতা সরকারের নেই'

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা প্রত্যাহারের ক্ষমতা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবীরা। মহানগর দায়রা জজ আদালতের পিপি মো. আব্দুল্লাহ আবু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের দুর্নীতির মামলাকে রাজনৈতিক ও হয়রানিমূলক হিসেবে অভিহিত করে তা প্রত্যাহারের যোগ্য বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 06:31 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা প্রত্যাহারের ক্ষমতা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবীরা। মহানগর দায়রা জজ আদালতের পিপি মো. আব্দুল্লাহ আবু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের দুর্নীতির মামলাকে রাজনৈতিক ও হয়রানিমূলক হিসেবে অভিহিত করে তা প্রত্যাহারের যোগ্য বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। গত ফেব্র"য়ারি মাসের শেষ দিকে বর্তমান সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য আইনি উদ্যোগ নেয়। দুদকের আইনজীবীরা বলছেন, দুদকের মামলা প্রত্যাহারের এখতিয়ার শুধু দুদকেরই রয়েছে। ফৌজদারি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় যে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে দুদকের মামলা মন্ত্রণালয় প্রত্যাহার করতে পারে না। দুদকের মামলা কেউ প্রত্যাহার করতে চাইলে তাকে দুদকের কাছেই আবেদন করা উচিত বলে তারা মনে করেন। দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর আওতায় বিচারাধীন কোনো মামলা প্রত্যাহার করতে চাইলে ১৯৫৮ সালের ক্রিমিন্যাল ল' (সংশোধনী) অ্যাক্টের ১০ ধারার ৪ উপধারা অনুযায়ী কমিশনে লিখিত আবেদন করতে হবে এবং কমিশনের আদেশ ছাড়া তা প্রত্যাহার করা যাবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার দুদকের যেসব মামলা প্রত্যাহার করতে চায় মন্ত্রণালয়ের উচিত কমিশনকে তা জানানো। দুর্নীতি দমন কমিশনের অনুমতি ছাড়া কমিশনের মামলা প্রত্যাহার করা হলে তা স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে 'বুড়ো আঙুল দেখানোর মতো' একটি বিষয়ে পরিণত হবে বলে তিনি মনে করেন। দুদকের আরেক কৌসুলী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। মোশাররফ হোসেন কাজল বলেন, ক্রিমিন্যাল ল' (সংশোধনী) অ্যাক্ট-এর ১০ ধারার ৪ উপধারায় 'সরকার' শব্দটির পরিবর্তে 'কমিশন' শব্দটি লিখে সংশোধনী আনা হয়। তখন থেকেই দুদকের মামলা প্রত্যাহারের ক্ষমতা কমিশনের হাতে চলে যায়। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা নাজমুল আলম জানান, সরকার রাজনৈতিক মামলা প্রত্যাহারের আবেদন করার সুযোগ দেওয়ায় এ পর্যন্ত জেলা প্রশাসকের দপ্তরে প্রায় দেড় হাজার মামলা প্রত্যাহারের আবেদন পড়েছে। মামলা প্রত্যাহারের আবেদনকারীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, তার দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ সাবেক ও বর্তমান মন্ত্রী এবং সাংসদরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২৩৫০ঘ.