ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদন নিয়ে হাই কোর্টের পঞ্চম বেঞ্চে মঙ্গলবার দুপুর ২টায় শুনানি অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে খালেদা জিয়ার কৌঁসুলি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করে দেন।
সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি ফারাহ্ মাহবুবের চতুর্থ বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করে পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতি এম এম রুহুল আমীনের কাছে পাঠিয়ে দেন।
এরপর প্রধান বিচারপতি রিটটি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর এই পঞ্চম বেঞ্চে পাঠান।
এর আগে হাই কোর্টের তিনটি বেঞ্চ শুনানিতে অপারগতা প্রকাশ করলে প্রধান বিচারপতি রোববার রিটটি শোনার জন্য চতুর্থ ওই বেঞ্চ গঠন করে দেন।
মঙ্গলবার সকালে জমিরউদ্দিন সরকার আদালতকে বলেন, "রিটটির ওপর সিনিয়র আইনজীবী টি এইচ খান শুনানিতে অংশে নেবেন। তিনি আপিল বিভাগে মামলা পরিচালনায় ব্যস্ত রয়েছেন। এছাড়া বাড়ি ছাড়ার সম্পুরক নোটিশের বিরুদ্ধে সম্পুরক আবেদন প্রস্তুত করতে হবে। এজন্য সময়ের প্রয়োজন।"
সকালের শুনানির সময় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি সমর্থক বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
সরকার পক্ষে উপস্থিত ছিলেন তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম, এম কে রহমান ও মুরাদ রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১১৩৭ ঘ.
bdnews24