ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার ঢাকা পৌঁছেছেন। স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার এবং তাদের সন্তানও তার সঙ্গে এসেছেন।
যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকালে তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান তারা।
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয়ের ঢাকায় পৌঁছানোর খবর নিশ্চিত করেন।
পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া গত শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। পরদিন রোববার বিকেলে তাকে রংপুরের পীরগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জয় সর্বশেষ বাবাকে দেখতে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেশে এসেছিলেন। তখনও তার বাবা ওয়াজেদ মিয়া স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবে যান জয়।
সেখানে ওমরাহ পালন শেষে ২২ এপ্রিল যুক্তরাষ্ট্র চলে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এজে/এইচএ/১৬১৩ ঘ.
bdnews24