ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে ১৩ বছরের দণ্ড প্রাপ্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোরশেদ খান রোববার দুপুরে পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করার পর বিচারক সিরাজুল ইসলাম তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
বিধি অনুসারে কারাগারে তাকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়াসহ সুচিকিৎসারও আদেশ দিয়েছেন বিচারক।
অবৈধ সম্পদের তথ্য গোপন মামলায় মোরশেদ খানকে ২০০৮ সালে একই আদালত ১৩ বছরের কারাদণ্ড দেয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ১০ ডিসেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে।
মোরশেদ খান বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বিশেষ জজ আদালতে আসেন। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন।
আদেশের পর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই। তাই তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।"
স
bdnews24