মৌলভীবাজার ,মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজার জেলা যুবদলের নেতা ছাদিকুর রহমানকে শনিবার ভোররাতে শহরতলীর বর্ষিজোড়ার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জমি দখলের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী।
তিনি জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছাদিক জেলা যুবদলের সহ-সভাপতি। তিনি অর্থমন্ত্রীর ছেলে মৌলভীবাজার-৪ আসনের সাবেক সাংসদ এম নাসের রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত ছিলেন।
ওসি বলেন, "ছাদিকের বিরুদ্ধে জমি দখলের মামলা ছাড়াও বিগত চারদলীয় জোট সরকারের আমলে টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপেরও অনেক অভিযোগ রয়েছে।"
তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24